বিএসএফ-কে জমি, এনআইএ থানা স্থাপন; একাধিক প্রস্তাবে মন্ত্রিসভার সিলমোহর

কলকাতা : রাজ্যের নিরাপত্তা নিশ্চিত করতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার| এবার এ রাজ্যে হবে জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)-র থানা। বুধবার ক্যাবিনেট বৈঠকে এই প্রস্তাব গৃহীত হয়েছে। জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ) থানা স্থাপন করবে বাংলায়।

বুধবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই প্রস্তাবটি সিলমোহর পেয়েছে। রাজ্যে রাজনৈতিক পালাবদলের পরে সরকারের এই সিদ্ধান্ত তাৎপর্যপূর্ণ। উল্লেখ্য, সল্টলেকে এনআইএ-র দফতর রয়েছে। সেখান থেকেই সমস্ত কাজ পরিচালনা করা হয়। এবার থানা করা হবে বলে প্রস্তাব গৃহীত হয়েছে। ফলে, এনআইএ-র থানা স্থাপনের কাজ শুরু করতে আর বাধা থাকল না। দ্রুত সমস্ত সরকারি প্রক্রিয়া শেষের পর থানা নির্মাণের কাজ শুরু হবে বলে জানা গিয়েছে।

এদিকে, বিভিন্ন জেলায় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)-সহ সরকারি একাধিক সংস্থাকে জমি দেওয়া হবে। বুধবার মন্ত্রিসভার বৈঠকে বিএসএফ এবং সশস্ত্র সীমা বলকে জমি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতার দেওয়ার লক্ষ্যে উত্তর দিনাজরপুরের চোপড়ায় ফতেহাবাদ মৌজার অধীনস্থ ০.৫৮৮ একর সরকারি জমি চিরস্থায়ী হস্তান্তরের প্রস্তাব গৃহীত হয়েছে। পাশাপাশি নদিয়ার গোপালপুরে বিএসএফ-এর বর্ডার আউট পোস্ট (বিওপি) নাতনা ৫৬ ব্যাটালিয়নের প্রতিষ্ঠার জন্য বিএসএফ-কে ০.৪২ একর খাস জমি চিরস্থায়ী হস্তান্তরের প্রস্তাবও গৃহীত হয়েছে। উল্লেখ্য, উত্তর দিনাজপুর, নদিয়া, মুর্শিদাবাদ, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারের সীমান্ত এলাকায় এমন অনেক জমি তাদের আগেই দিয়েছে রাজ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four + seven =