সোদপুর : পানিহাটির বিজেপি প্রার্থী অভয়ার মায়ের মাথায় হাত রেখে আশীর্বাদ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার সোদপুরের অমরাবতী মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রার্থীর হাত ধরে বিজেপিকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
আর জি কর ইস্যু টেনে তৃণমূল কংগ্রেসকে কড়া ভাষায় আক্রমণ করে মোদী বলেন, এই মা তাঁর মেয়েকে ডাক্তার বানিয়েছিলেন, কিন্তু তৃণমূলের জঙ্গলরাজ সেই মেয়েকে ছিনিয়ে নিয়েছে। সেই শোকাতুর মাকেই বিজেপি প্রার্থী করেছে বলে তিনি উল্লেখ করেন। পাশাপাশি প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছেন যে, রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে নারী নির্যাতনের যে সমস্ত মামলার ফাইল হঠাৎ বন্ধ করে দেওয়া হয়েছে, সেগুলি পুনরায় খোলা হবে এবং অপরাধীদের শাস্তি নিশ্চিত করা হবে।
এদিন সভার শুরুতেই বিজেপি প্রার্থী রত্না দেবনাথের হাত ধরে তাঁর হয়ে সওয়াল করেন প্রধানমন্ত্রী। তৃণমূলকে নারী বিরোধী দল হিসেবে চিহ্নিত করে তিনি বলেন, বাংলার নারীশক্তি এবারের নির্বাচনে এক নতুন ইতিহাস লিখবে। গত কয়েক বছরে মহিলাদের ওপর হওয়া অত্যাচারের প্রসঙ্গ টেনে তিনি একে ‘মোদীর গ্যারান্টি’ হিসেবে ঘোষণা করেন যে, ৪ মের পর সমস্ত অত্যাচারের ফাইল নতুন করে খোলা হবে।
এদিকে বৃহস্পতিবার প্রথম দফার নির্বাচনে ১৫২টি আসনে ৯২.৭১ শতাংশের রেকর্ড ভোটদান নিয়ে প্রধানমন্ত্রী বলেন, এই বিপুল ভোটাচরণ দেখে তৃণমূল নেতারা দিশেহারা হয়ে পড়েছেন। প্রদীপ নেভার আগে যেমন জ্বলে ওঠে, তৃণমূলের অবস্থাও এখন ঠিক তেমনই। এই বিপুল জনসমর্থন রাজ্যে বিজেপি সরকার গঠনের ইঙ্গিত দিচ্ছে বলেও তিনি দাবি করেন।

