দ্রুত প্রতীক টানাপোড়েন মেটানোর পরামর্শ শীর্ষ আদালতের

নয়াদিল্লি : সুপ্রিম কোর্টে মিটল না তৃণমূলের ‘প্রতীক যুদ্ধ’! নির্বাচন কমিশনের সিদ্ধান্তে হস্তক্ষেপ করল না শীর্ষ আদালত। তবে সময় না বেঁধে দ্রুত প্রতীক টানাপোড়েন মেটানোর কথা বলেছে শীর্ষ আদালত।

বৃহস্পতিবারের শুনানিতে উঠে আসে শিব সেনা প্রসঙ্গও। শুনানি চলাকালীন বিচারপতি জয়মাল্য বাগচী মন্তব্য করেন, “শিব সেনার ক্ষেত্রে বিলম্বের কী পরিণতি হয়েছে, তা আমরা দেখেছি।” মামলার পরবর্তী শুনানি আগামী সপ্তাহে।

১৭ সেপ্টেম্বর নির্বাচন কমিশন ‘তৃণমূল’ নাম ও ঘাসের উপর জোড়াফুল প্রতীক ফ্রিজ করে। মমতাপন্থী কালীঘাট শিবির ও ঋতব্রত শিবির কোনও পক্ষই এই নাম ও প্রতীক উপনির্বাচনে ব্যবহার করতে পারবে না বলে জানায় জ্ঞানেশ কুমারের নেতৃত্বাধীন কমিশন। সেই সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে রিট পিটিশন দায়ের করে মমতাপন্থী তৃণমূল।

বৃহস্পতিবার সেই মামলার শুনানি ছিল, প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী ও বিচারপতি ভি মোহনার বেঞ্চে। সেই শুনানিতে সুপ্রিম কোর্ট কমিশনের কাছে জানতে চায়, কতদিন সময় লাগবে এই প্রতীক যুদ্ধ মেটাতে? কমিশনকে সেই সময় জানানোর কথা বলেছে শীর্ষ আদলত।

কমিশনের (ইসিআই) আইনজীবী তথা প্রবীণ আইনজীবী দামা শেষাদ্রি নাইডুকে উদ্দেশ করে প্রধান বিচারপতি সূর্য কান্ত বলেন, “চূড়ান্ত নিষ্পত্তির জন্য আপনাদের কতটা সময় লাগতে পারে, তা জেনে নিন। দু’পক্ষের আবেদন খতিয়ে দেখার জন্য প্রয়োজনীয় সময় দরকার। কিন্তু কোনও ভাবেই তা যেন অতিরিক্ত না হয়।”

প্রধান বিচারপতি উল্লেখ করেন যে, দ্রুত সিদ্ধান্ত নেওয়াই শ্রেয়। কারণ অন্তর্বর্তীকালীন আদেশের ৩৫ ও ৩৬ নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে যে, উভয় গোষ্ঠীর প্রার্থীরাই তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি হিসেবে উপ নির্বাচনের জন্য মনোনয়ন জমা দিয়েছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 − three =