বীরভূম : পুলিশ কনস্টেবলকে গুলি করে পালিয়ে যাওয়ার ৪৮ ঘণ্টার মধ্যেই পুলিশের এনকাউন্টারে নিহত হল মূল অভিযুক্ত রতন শেখ। শান্তিনিকেতন থানার অন্তর্গত লায়েক বাজারে কর্তব্যরত পুলিশকর্মী বিশ্বজিৎ দাসকে গুলি করার অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, লায়েক বাজারে কর্তব্যরত অবস্থায় বিশ্বজিৎ দাসকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। গুরুতর জখম অবস্থায় তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার পর থেকেই অধরা ছিল মূল অভিযুক্ত রতন শেখ। তার খোঁজে বীরভূম-সহ বিভিন্ন এলাকায় তল্লাশি শুরু করে পুলিশ।
শনিবার রাতে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে আহত কনস্টেবলকে দেখতে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অভিযুক্তের বিরুদ্ধে ৩৬টি মামলা রয়েছে বলে দাবি করেন তিনি। পাশাপাশি কীভাবে অভিযুক্ত জামিন পেল, তা নিয়েও প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী। জামিনের ক্ষেত্রে সরকারি আইনজীবীর ভূমিকা খতিয়ে দেখার কথাও জানান।
এর কয়েক ঘণ্টার মধ্যেই পুলিশের অভিযানে রতন শেখের মৃত্যু হয়। অভিযোগ, পুলিশের মুখোমুখি হয়ে সে ফের গুলি চালানোর চেষ্টা করলে পাল্টা গুলি চালায় পুলিশ। তাতেই তার মৃত্যু হয়। ঘটনার পর এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। এই নিয়ে রাজ্যে পঞ্চম এনকাউন্টার এই সরকারের আমলে।

