পূর্ব মেদিনীপুর : মহিষাদলে পুলিশের নজর এড়িয়ে পালালো অভিযুক্ত। রবিবার সকালে তাকে বাসুলিয়া গ্রামীণ হাসপাতালে শারীরিক পরীক্ষা করাতে নিয়ে যাওয়া হচ্ছিল। সেই সময়েই আচমকা চম্পট দেয় অভিযুক্ত। তার খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। জানা গেছে, রবিবার পূর্ব মেদিনীপুরের মহিষাদল থানার বাসুলিয়া গ্রামীণ হাসপাতালে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, পলাতক ওই যুবকের নাম সারুক সাহা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চুরি-সহ একাধিক অভিযোগে শনিবার মহিষাদল থানার রামবাগ এলাকা থেকে সারুক সাহাকে গ্রেফতার করেছিল পুলিশ। রবিবার তাকে নিয়মমাফিক শারীরিক পরীক্ষার জন্য বাসুলিয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
প্রত্যক্ষদর্শীর বয়ান অনুযায়ী, হাসপাতাল থেকে পরীক্ষা করিয়ে বের করার সময়ে ওই যুবককে কিছুটা খুঁড়িয়ে হাঁটতে দেখা যায়। কিন্তু পুলিশের গাড়ির কাছাকাছি পৌঁছতেই সে হঠাৎ দৌড়তে শুরু করে। পুলিশ কর্মীরা তৎক্ষণাৎ তার পিছন পিছন ধাওয়া করলেও শেষ পর্যন্ত তাকে ধরতে পারেনি। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্তের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

