কলকাতা : ক্যামাক স্ট্রিটের বিলবোর্ড বিতর্ক সংক্রান্ত মামলায় জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে কলকাতা পুলিশের কাছে ৪৮ ঘণ্টা সময় চাইলেন কালীঘাট তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সাংসদ হিসেবে পূর্বনির্ধারিত কর্মসূচির কারণ দর্শিয়ে তিনি এই সময় চেয়েছেন। একই সঙ্গে তিনি জানিয়েছেন, তদন্তে তিনি সবসময়ই সহযোগিতা করেছেন এবং ভবিষ্যতেও যথাযথ সময় দিয়ে নোটিস পাঠানো হলে তিনি অবশ্যই তদন্তে যোগ দেবেন।
উল্লেখ্য, রবিবারই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে গিয়ে নতুন করে একটি নোটিস দেয় কলকাতা পুলিশ। ওই মামলায় শেক্সপিয়র সরণি থানায় দায়ের হওয়া তিনটি এফআইআরের মধ্যে একটির প্রেক্ষিতে সোমবার তাঁকে সশরীরে জিজ্ঞাসাবাদের জন্য হাজিরা দিতে বলা হয়েছিল।
ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কার্যালয় থাকা ভবনের ওপর থেকে দলীয় প্রতীক-সহ একটি বিলবোর্ড খোলার ঘটনাকে কেন্দ্র করে এই বিতর্কের সূত্রপাত হয়। কলকাতা পুরসভা ও পুলিশের অভিযানে সেখানে অশান্তির সৃষ্টি হয় এবং সেই প্রেক্ষিতেই মামলা রুজু হয়। এর আগেও তিনি তদন্তে অংশ নিয়েছিলেন, তবে নতুন নোটিসের প্রেক্ষিতে সময় চেয়ে পুলিশকে নিজের অবস্থান স্পষ্ট করেছেন তৃণমূল সাংসদ।

