কলকাতা : “অভিষেক বন্দ্যোপাধ্যায় টুয়েলভ পাস”! ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্য সত্যি হলে এবং অভিযোগ থাকলে আইনি পদক্ষেপ করার পরামর্শ দিলেন রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ। মঙ্গলবার সাংবাদিকরা বিষয়টি নিয়ে প্রশ্ন করলে দিলীপবাবু বলেন, “এই ধরনের অনেক কথাই চলে সমাজ মাধ্যমে, সত্য মিথ্যা জানি না।
এরকম যদি হয় কোনও একজন প্রতিনিধি মানুষকে ভুল বুঝিয়ে থাকেন, তবে তাঁর বিরুদ্ধে কোর্টে অভিযোগ করতে পারেন। অনেক লোকের বিরুদ্ধেই এরকম হয়। প্রধানমন্ত্রীর নামে এরকম কেস করেছেন লোকে। তো আদালতে মামলা করা উচিত।”
গত ২৮ অগাস্ট ক্যাথিড্রাল রোডে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠাদিবসের সভা করে ‘কালীঘাট তৃণমূল’। অন্যদিকে, বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবির সভা করে রানি রাসমণি রোডে। এই সভা থেকে ২০ জন সাংসদকে নিয়ে করা চিঠি ও তাঁর শিক্ষাগত যোগ্যতা নিয়ে অভিষেক বন্দ্য়োপাধ্যায়কে নিশানা করে ঋতব্রত বলেন, ”পার্লামেন্টে কোন ২০ জন সাংসদ রেকগনাইজ কি রেকগনাইজ না, এনিয়ে চিঠি দিচ্ছেন, তাহলে সবার আগে আপনি এফিডেভিটে লিখে দিন, আপনি উচ্চমাধ্যমিক পাস। কারণ ইউজিসি বলছে, ওই বিবিএ আর এমবিএ ভ্যালিড নয়। সামনের বার যখন ভোটে দাঁড়াবেন, যদি দাঁড়ান, জামানত আপনার জব্দ হবে, কেউ ঠেকাতে পারবে না।”

