বোলপুর, বীরভূম : বীরভূম জেলার বোলপুর থানার অন্তর্গত সিয়ান গ্রামের ক্যানেল পাড় সংলগ্ন এলাকা থেকে সোমবার সকালে দুই ড্রাম ভর্তি তাজা বোমা উদ্ধার হওয়ায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জনবসতির এত কাছে বিপুল পরিমাণ বিস্ফোরক মজুত থাকার ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বোলপুর থানার পুলিশ। সঙ্গে আনা হয় বোম্ব স্কোয়াড বা বোমা নিষ্ক্রিয়কারী দল।পুলিশ সূত্রে জানা গিয়েছে, উদ্ধার হওয়া বোমাগুলি নিরাপদ স্থানে নিয়ে গিয়ে সফলভাবে নিষ্ক্রিয় করা হয়েছে। সামনেই নির্বাচন থাকায় এই ঘটনাকে ঘিরে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি বা অশান্তি ছড়ানোর উদ্দেশ্যেই কি এই বোমা মজুত করা হয়েছিল, তা নিয়ে জল্পনা বাড়ছে।
স্থানীয়দের একাংশের দাবি, পুলিশি নজরদারি থাকা সত্ত্বেও কীভাবে এত বিপুল পরিমাণ বিস্ফোরক এলাকায় পৌঁছাল, তার উত্তর মিলছে না। ইতিমধ্যেই ঘটনার নেপথ্যে কারা জড়িত তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। এলাকার নিরাপত্তা জোরদার করতে টহলদারি বাড়ানো হয়েছে এবং সন্দেহভাজনদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।

