মহিষাদল : দীর্ঘ চার বছর বন্ধ থাকার পর পূর্ব মেদিনীপুরের মহিষাদলে ফের শুরু হল মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা প্রকল্পের (১০০ দিনের কাজ) কাজ। বৃহস্পতিবার মহিষাদল ব্লকের ইটামগরা-২ গ্রাম পঞ্চায়েতের কেশবপুর জালপাই এলাকায় এক অনুষ্ঠানের মাধ্যমে প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা করা হয়।
এদিন শ্রী শ্রী বিশালক্ষ্মী জিউ মাতা সেবাহিত মন্দির সংলগ্ন পুকুর সংস্কারের কাজের মাধ্যমে প্রকল্পের সূচনা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহিষাদলের বিধায়ক সুভাষচন্দ্র পাঁজা, বিডিও জিষ্ণু দে, ইটামগরা-২ গ্রাম পঞ্চায়েতের প্রধান রামকৃষ্ণ দাসসহ প্রশাসনের অন্যান্য আধিকারিক ও জনপ্রতিনিধিরা। বিধায়ক সুভাষচন্দ্র পাঁজা বলেন, পূর্ববর্তী সরকারের দুর্নীতির কারণে ১০০ দিনের কাজ বন্ধ হয়ে গিয়েছিল।
বর্তমানে কেন্দ্র ও রাজ্যে একই রাজনৈতিক দলের সরকার থাকায় ফের প্রকল্প চালু হয়েছে। তিনি জানান, ভবিষ্যতে ১২৫ দিনের কর্মসংস্থানের লক্ষ্যে কাজ করা হবে। বিডিও জিষ্ণু দে জানান, আপাতত জুন মাস জুড়ে ১০০ দিনের কাজ চলবে। পরে সরকারি নির্দেশ অনুযায়ী কর্মদিবস বৃদ্ধি করা হবে।
স্থানীয় শ্রমিক মিনু ঘড়া ও বিমল মাইতি বলেন, দীর্ঘদিন কাজের সুযোগ না পেয়ে সমস্যায় পড়েছিলেন। ফের কাজ শুরু হওয়ায় তাঁরা অত্যন্ত আনন্দিত এবং নতুন করে কর্মসংস্থানের আশা দেখছেন।

