ইউসেফের জোড়া গোলে ওড়িশাকে হারাল ইস্টবেঙ্গল 

ওড়িশা এফসির বিরুদ্ধে বড় জয় পেল ইস্টবেঙ্গল। গোয়ার মাঠে ৩-০ গোলে ওড়িশাকে হারাল ইউসেফ এজ্জেজারিরা। এই জয়ের ফলে চ্যাম্পিয়নশিপের দৌড়ে আরও কিছুটা এগিয়ে গেল লাল-হলুদ ব্রিগেড। ইউসেফ এজ্জেজ্জারির জোড়া গোল, অন্যদিকে আইএসএলে নিজের ১৫০ তম ম্যাচে গোল করলেন বিপিন সিং। আইএসএল পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে উঠে এল অস্কার বাহিনী।
বুধবার এই ম্যাচে জয়ের জন্যই ঝাপিয়েছিল ইস্টবেঙ্গল। কারণ পরবর্তীতে মুম্বই সিটি এফসি, পাঞ্জাব এফসি ও ডার্বিতে মোহনবাগানের মতো প্রতিপক্ষদের সামনে পড়বে ইস্টবেঙ্গলের। মিগুয়েল ফিগুয়েরাকে না পাওয়া বড় সমস্যা ছিল ইস্টবেঙ্গলের পক্ষে। চোট সমস্যায় দুরন্ত ফর্মে থাকা আনোয়ার আলিকেও এদিন প্রথম একাদশে রাখতে পারেননি অস্কার। গত ম্যাচে গোল পাওয়া অ্যান্টন সজবার্গ শুরু করলেও ইউসেফকে বেঞ্চেই রেখেছিলেন অস্কার। তবে পয়েন্টস টেবিলে নীচের দিকে থাকা ওড়িশার বিরুদ্ধে জয় পাওয়া খুব একটা কঠিন হবে না তা জানা ছিল লাল-হলুদ সমর্থকদের। তেমনটাই হল। ম্যাচের প্রথম মিনিট থেকেই বিপক্ষের বিপক্ষ বক্সে আক্রমণের ঝড় তোলে লাল-হলুদ ব্রিগেড।  মাত্র ১০ মিনিটেই বিপিনের গোলে এগিয়ে যায় ইস্টবেঙ্গল। বাঁদিক থেকে বিপিনের উদ্দেশ্যে ক্রস বাড়িয়ে দেন বিষ্ণু, নির্ভুল শটে বল গোলের জালে জড়িয়ে দেন বিপিন সিং। ইস্টবেঙ্গল একাধিক সুযোগ তৈরি করলেও প্রথমার্ধ শেষ হয় ১-০ গোলেই। দ্বিতীয়ার্ধেও সমান মেজাজে আক্রমণ চালিয়ে যায় বিষ্ণু-সৌভিকরা। ওড়িশা পাল্টা প্রতি আক্রমণ করতে থাকে। যদিও সু্যোগ কাজে লাগিয়ে গোল করতে ব্যর্থ। রহিম আলির একটি শট প্রায় পোস্টের গা ঘেঁষে বেরিয়ে যায়। ম্যাচের ৬২ মিনিটে মাঠে নামলেন ইউসেফ এজ্জেজারি। সেই সঙ্গে জেরিকেও এদিন দেখে নিলেন অস্কার। মাঠে নামার পাঁচ মিনিটের মধ্যে গোল করে ইস্টবেঙ্গলকে ২-০ এগিয়ে দিলেন ইউসেফ। ৮৩ মিনিটে ইউসেফের তাঁর দ্বিতীয় গোল করলেন। গোলপার্থক্যে অনেকটাই এগিয়ে রয়েছে ইস্টবেঙ্গল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 + nine =