২২২ করেও হার ! বৈভব-ফেরেইরার তাণ্ডবে মরশুমে প্রথম হার পাঞ্জাব কিংসের

আইপিএলে পঞ্জাব কিংসের জয়ের রথ থামিয়ে দিল রাজস্থান রয়্যালস। মঙ্গলবার ঘরের মাঠে হাইভোল্টেজ রান তাড়ায় ৬ উইকেটে জিতে গেল রিয়ান পরাগের দল। আগে ব্যাট করে পঞ্জাব তোলে ৪ উইকেটে ২২২ রান, কিন্তু সেই বিশাল লক্ষ্যও নিরাপদ হল না শ্রেয়স আয়ারদের জন্য।
লক্ষ্য তাড়া করতে নেমে রাজস্থান শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিল। ১৫ বছরের বৈভব সূর্যবংশী ফের নজর কাড়লেন বিস্ফোরক ব্যাটিংয়ে। মাত্র ১৬ বলে ৪৩ রান করে ম্যাচের ভিত গড়ে দেন তিনি। তাঁর ইনিংসে ছিল ৩টি চার ও ৫টি ছক্কা। অন্য প্রান্তে যশস্বী জয়সওয়াল পরে গতি বাড়িয়ে ২৭ বলে ৫১ রান করেন। ধ্রুব জুরেল ১৬ রান করে ফিরলেও রানরেট তখনও নিয়ন্ত্রণে ছিল।
অধিনায়ক রিয়ান পরাগ ১৬ বলে ২৯ রান করে আউট হলে ম্যাচে সাময়িক উত্তেজনা তৈরি হয়। তবে শেষদিকে ডোনোভান ফেরেইরা ও শুভম দুবে দুরন্ত জুটি গড়ে সব চাপ সরিয়ে দেন। ফেরেইরা ২৬ বলে অপরাজিত ৫২ এবং শুভম ১২ বলে ৩১ রান করেন। পঞ্চম উইকেটে তাঁদের ৩২ বলে ৭৭ রানের অবিচ্ছিন্ন জুটি রাজস্থানকে ১৯.২ ওভারে জয়ের বন্দরে পৌঁছে দেয়।
পঞ্জাবের বোলারদের মধ্যে যুজবেন্দ্র চহাল ৩ উইকেট নিলেও বাকিরা খরুচে ছিলেন। অর্শদীপ সিংহ ৪ ওভারে ৬৮ রান দেন, ফার্গুসন ও মার্কো জানসেনও মার খেলেন। একমাত্র হরপ্রীত ব্রার তুলনামূলক নিয়ন্ত্রিত বোলিং করেন।
এর আগে পঞ্জাবের ইনিংসে শুরুটা ভাল করেন প্রিয়াংশ আর্য (২৯) ও প্রভসিমরন সিংহ। প্রভসিমরন ৪৪ বলে ৫৯ রান করেন। কুপার কনোলি ১৪ বলে ৩০ রানের ঝোড়ো ইনিংস খেলেন। অধিনায়ক শ্রেয়স আয়ার ৩০ রান করলেও শেষের ঝড় তোলেন মার্কাস স্টোইনিস। মাত্র ২২ বলে অপরাজিত ৬২ রান করে দলকে ২২২-এ পৌঁছে দেন তিনি। তাঁর ইনিংসে ছিল ৪টি চার ও ৬টি ছক্কা।
তবে এত বড় রানও শেষ পর্যন্ত যথেষ্ট হল না। রাজস্থানের ব্যাটারদের আগ্রাসনের সামনে অসহায় দেখাল পঞ্জাবকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × three =