গুগল ম্যাপ দেখে পথ খুঁজতে গিয়ে ৩০ ফুট গভীর খনির খাদে বাইক-সহ যুবক

পাণ্ডবেশ্বর : গুগল ম্যাপ দেখে পথ খুঁজতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনার শিকার হলেন এক বাইক আরোহী। রাতের অন্ধকারে বাইক-সহ প্রায় ৩০ ফুট গভীর খনির খাদে পড়ে গুরুতর আহত হয়েছেন প্রসূন ব্যানার্জী নামে এক যুবক। শনিবার সকালে তাঁকে উদ্ধার করে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানেই তাঁর চিকিৎসা চলছে।

প্রসূন কঙ্কসার বসুধা এলাকার বাসিন্দা এবং পেশায় কেবল অপারেটর। শুক্রবার রাতে কেবলের কাজের জন্য পাণ্ডবেশ্বরের একটি গ্রামে যাচ্ছিলেন তিনি। পথ খুঁজতে মোবাইলে গুগল ম্যাপ ব্যবহার করছিলেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পাণ্ডবেশ্বরের মহালক্ষ্মী এলাকায় একটি উন্মুক্ত খনিতে খননকাজ চলছে। এর জেরে এলাকার বেশ কিছু রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। রাতে ওই এলাকা দিয়ে যাওয়ার সময় আচমকাই বাইক-সহ গভীর খাদে পড়ে যান প্রসূন।

দীর্ঘ সময় বাড়ি না ফেরায় উদ্বিগ্ন হয়ে পরিবারের সদস্যরা তাঁকে ফোন করেন। প্রসূন কখনও অজয় নদীর তীর, আবার কখনও দুর্গাপুর বা অন্য এলাকার কথা বলায় তাঁর সঠিক অবস্থান নিয়ে বিভ্রান্তি তৈরি হয়। পরে জিপিএসের সাহায্যে মহালক্ষ্মী খনির গভীর খাদে তাঁর অবস্থান শনাক্ত করা হয়।

এরপর খনি কর্তৃপক্ষ, প্রশাসন ও স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার অভিযান শুরু হয়। পকলেইন মেশিনের সাহায্যে প্রায় ৩০ ফুট গভীর খাদ থেকে প্রসূন ও তাঁর বাইককে উদ্ধার করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 − 14 =