বিশ্বকাপে খেলার স্বপ্ন নিয়ে অস্ট্রেলিয়ায় পাড়ি দিয়েছিল ভারতের মহিলা ফুটবল দল। সুনীল ছেত্রীরা যা পারেননি সেই স্বপ্নই দেখিয়েছিলেন সঙ্গীতা বাসফোররা। তবে এএফসি এশিয়ান কাপের মূলপর্বে গিয়ে হতাশাজনক পারফরম্যান্স এমিলিয়া ভালভার্দের দলের। টুর্নামেন্টে কোয়ার্টার ফাইনালে যাওয়ার ভাগ্য নির্ভর করছিল বেশ কয়েকটি অঙ্কের উপর। তার মধ্যে অন্যতম নিজেদের জিততে হবে। সেটাতেই ব্যর্থ ভারতের মেয়েরা। এশিয়ান কাপে চাইনিজ তাইপেইয়ের কাছে ১-৩ গোলে হেরে গ্রুপ পর্বের অভিযান শেষ করল ভারতীয় মহিলা ফুটবলাররা।
অস্ট্রেলিয়ার মাটিতে লড়াই কঠিন ছিল ভারতের। তবে অসম্ভব কিছুই ছিল না। শুরুটাই ভালো হয়নি ভারতের জন্য। মূলপর্বের আগে কোচ ক্রিস্পিন ছেত্রীকে সরিয়ে অভিজ্ঞ এমিলিয়া ভালভার্দেকে হেড কোচের দায়িত্বে নিয়ে আসে ফেডারেশন। প্রথম ম্যাচে ভিয়েতনামের কাছে হার। দ্বিতীয় ম্যাচে জাপানের কাছে ১১ গোল হজম করেছিল ব্লু টাইগ্রেসদের। ফলে পরের পর্বে যেতে হলে অনেক জটিল অঙ্ক ছিল ভারতের জন্য। পরের পর্বে গেলে বিশ্বকাপের রাস্তা সহজ হত। শেষ আটের থেকে ছ’টি দল বিশ্বকাপে খেলবে। সেখানে চাইনিজ তাইপেইয়ের বিরুদ্ধে ২ গোলের ব্যবধানে জিততে হত ভারতকে। অন্যদিকে ভিয়েতনামের বিরুদ্ধে জিততে হত জাপানকে। এমনটা হলে গ্রুপ পর্যায়ে দ্বিতীয় হয়ে সরাসরি কোয়ার্টার ফাইনালে উঠত ভারত। তবে চাইনিজ তাইপেইয়ের কাছে নিজেদের ম্যাচ ১-৩ গোলে পরাজিত ভারতের মেয়েরা। ১২ মিনিটে ডিফেন্সের ভুল কাজে লাগিয়ে এগিয়ে যায় চাইনিজ তাইপেই। ৪০ মিনিটে দুর্ধর্ষ ফ্রিকিকে সমতা ফেরান মনীষা। কিন্তু প্রথমার্ধের শেষের ঠিক আগে পেনাল্টি থেকে গোল করে এগিয়ে যায় চাইনিজ তাইপেই। আর ৭৭ মিনিটে ৩-১ করে তারা। সেই সময় ভারতের গোলকিপার পান্থোই চানু ও সুইটি দেবীর মধ্যে সংঘর্ষ হয়। দু’জনেই গুরুতর আহত হন। তাদের চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

