চন্দ্রকোনা : অন্নপূর্ণা যোজনা থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে চন্দ্রকোনা পুরসভায় তুমুল বিক্ষোভ দেখালেন মহিলারা। সোমবার পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা পুরসভায় এই বিক্ষোভকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। বিক্ষোভকারী মহিলাদের পাশে দাঁড়ান ওয়ার্ডের বিজেপি নেতা-কর্মীরা।বিক্ষোভ চলাকালীন পুরসভায় থাকা বিধায়কের প্রতিনিধিদের টেনে হিঁচড়ে বের করে দেওয়ার অভিযোগও ওঠে।
বিক্ষোভকারী মহিলাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করেও তাঁরা সরকারি সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। সেই অভিযোগেই এদিন পুরসভায় বিক্ষোভ দেখান তাঁরা।চন্দ্রকোনা ২ মন্ডলের সহ-সভাপতি অতনু সাঁতরা বলেন, চন্দ্রকোনা পুরসভা সঠিকভাবে পরিচালিত হচ্ছে না। সাধারণ মানুষ পুর পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন। যোগ্য
উপভোক্তাদের অন্নপূর্ণা যোজনার সুবিধা দেওয়া হচ্ছে। আমি নিজের দায়িত্ব নিয়ে যে নামগুলো এন্ট্রি করেছিলাম তারা সকলে যোগ্য তা সত্বেও তার অর্ধেক মহিলা টাকা পেয়েছে। এখনো পঞ্চাশ শতাংশ মানুষ বঞ্চিত রয়েছে আমি নিজে ব্যক্তিগতভাবে দলীয় বিধায়ককে বিষয়টি জানিয়েছি, জেলা সভাপতি কেও জানিয়েছি। কিন্তু ওনারা কোন সুরাহা করেননি তাই আমরা রাস্তায় নামতে বাধ্য হয়েছি।চন্দ্রকোনা পুরসভার এক্সিকিউটিভ অফিসার বিবেকানন্দ অধিকারী বলেন, “পুরো বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হবে।”চন্দ্রকোনার বিজেপি বিধায়ক সুকান্ত দোলুই বলেন, “সমস্ত বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
অন্যদিকে, বিজেপি প্রতিনিধি শিবশঙ্কর ঘোষাল অভিযোগ করেন, দলেরই একাংশ উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই পরিস্থিতি তৈরি করছে। তাঁর দাবি, অন্নপূর্ণা যোজনা তাঁদের মূল উদ্দেশ্য নয়, বরং কোনওভাবে পুরসভা দখলের চেষ্টা করা হচ্ছে। তিনি আরও অভিযোগ করেন, তাঁকে মারধর ও হামলার শিকার হতে হয়েছে।ঘটনাকে ঘিরে চন্দ্রকোনা পুরসভা চত্বরে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে।

