অম্বানীর বাড়ির গণেশ চতুর্থীর অনুষ্ঠান থেকে রাতেই ফিরে আসার কথা শুভেন্দুর

কলকাতা : অনন্ত অম্বানীর বাড়ির গণেশ চতুর্থীর অনুষ্ঠানে যোগ দিতে সোমবার মুম্বই গেলেও

রাতেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ফিরে আসার কথা। মুখ্যমন্ত্রীর সফরের সময়সীমা অত্যন্ত সংক্ষিপ্ত। তা সত্ত্বেও বিষয়টিকে ঘিরে রাজ্যের শিল্পমহলে প্রত্যাশা তৈরি হয়েছে।

সোমবার দুপুরে নিউ টাউনে নির্ধারিত অনুষ্ঠান সেরে মুম্বইয়ের বিমান ধরেন তিনি। মুম্বই যাওয়ার আগে মুখ্যমন্ত্রীকে এই সফর নিয়ে প্রশ্ন করা হলে কোনও স্পষ্ট জবাব দেননি তিনি। তাঁর এই সংক্ষিপ্ত সফরকে নিছক ‘সৌজন্য সাক্ষাৎ’ হিসেবে অনেকে দেখলেও প্রশাসনিক মহল এই সফরের গভীরতা উপলব্ধী করছেন।

শিল্পমহলের একাংশের বক্তব্য, অতীতে রাজনৈতিক অস্থিরতা, জমি-নীতি এবং শিল্প স্থাপনের নানা জটিলতার কারণে পশ্চিমবঙ্গে বড় বিনিয়োগের ক্ষেত্রে অনীহা দেখা দিয়েছিল। দীর্ঘ সময় ধরে শিল্পের পরিকাঠামো ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিয়ে প্রশ্নও উঠেছে।

তথ্যপ্রযুক্তি, জ্বালানি, পরিকাঠামো এবং পরিষেবা ক্ষেত্রে বড় লগ্নির সম্ভাবনা নিয়ে শিল্পমহলে আলোচনা চলছে। তবে শেষপর্যন্ত যে কোনও সিদ্ধান্ত নির্ভর করবে অম্বানী গোষ্ঠীর নিজস্ব পরিকল্পনা ও রাজ্যের প্রস্তাবের উপর।

নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর রাজ্যে শিল্পায়নকে অগ্রাধিকার দেওয়ার বার্তা দিয়েছে। ইতিমধ্যেই বিভিন্ন শিল্পগোষ্ঠীর সঙ্গে যোগাযোগ এবং নতুন প্রকল্পের সম্ভাবনা খতিয়ে দেখার কাজ চলছে। এই পরিস্থিতিতে অম্বানীদের মতো বৃহৎ শিল্পগোষ্ঠী যদি পশ্চিমবঙ্গে বিনিয়োগের বিষয়ে আগ্রহ দেখায়, তা হলে রাজ্যের শিল্পায়নের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ বার্তা হতে পারে বলেই মনে করছে শিল্পমহলের একাংশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × 5 =