টোটাল দাবা বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুরুত্বপূর্ণ জয় পেলেন ভারতের দুই গ্র্যান্ডমাস্টার অর্জুন এরিগাইসি ও আর প্রজ্ঞানন্দ। টাইব্রেকারে নেদারল্যান্ডসের জর্ডেন ভ্যান ফোরেস্টকে হারিয়ে বাজিমাত করলেন এরিগাইসি। অন্যদিকে, উজবেকিস্তানের নোদিরবেক আবদুসাত্তোরভকে পরাজিত করে পরবর্তী রাউন্ডে জায়গা করে নিলেন প্রজ্ঞানন্দ।
এরিগাইসির লড়াই ছিল বেশ নাটকীয়। প্রথম দিনের ম্যাচে ১১.৫-৮.৫ পয়েন্টে জিতলেও দ্বিতীয় দিনে ১২-৮ ব্যবধানে জয় তুলে নিয়ে সমতা ফেরান ভ্যান ফোরেস্ট। ফলে টাইব্রেকারে গড়ায় লড়াই। সেখানে কালো ঘুঁটি নিয়ে খেলতে নেমে প্রথম দিকে সুবিধাজনক অবস্থানে ছিলেন ডাচ দাবাড়ু। কিন্তু ৩৪তম চালে ভুল করে বসেন তিনি। সেই সুযোগ কাজে লাগিয়ে জয় নিশ্চিত করেন ভারতীয় গ্র্যান্ডমাস্টার। এবার নবম স্থান নির্ধারণী ম্যাচে আর্মেনিয়ার হাইক এম মার্তিরোসিয়ানের মুখোমুখি হবেন এরিগাইসি।
অন্যদিকে, প্রজ্ঞানন্দের জয়ও যথেষ্ট তাৎপর্যপূর্ণ। আবদুসাত্তোরভের বিরুদ্ধে দ্রুতগতির ক্লাসিক্যাল ম্যাচের আগে ৩.৫-৮.৫ পয়েন্টে পিছিয়ে ছিলেন তিনি। কিন্তু কালো ঘুঁটি নিয়ে দুরন্ত প্রত্যাবর্তন ঘটিয়ে দিনের ফল ১১.৫-৮.৫ করেন। এবার ২১তম স্থান নির্ধারণী ম্যাচে অভিমন্যু মিশ্রের বিরুদ্ধে খেলবেন ভারতীয় তারকা।
প্রজ্ঞানন্দের এই জয়ে নিজের বোন আর বৈশালীর বিরুদ্ধে খেলার সম্ভাবনাও আপাতত এড়ানো গিয়েছে। সব মিলিয়ে কঠিন পরিস্থিতি থেকে দুই ভারতীয় দাবাড়ুর প্রত্যাবর্তন প্রতিযোগিতায় নতুন করে আশা জোগাচ্ছে।

