বহরমপুরে তৃণমূল নেতার বাড়ি থেকে অস্ত্র উদ্ধার

মুর্শিদাবাদ : মুর্শিদাবাদ জেলাজুড়ে বেআইনি আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধারে বড়সড় সাফল্য পেল পুলিশ। বহরমপুরের কুঞ্জঘাটায় ধৃত তৃণমূল নেতা পাপাই ঘোষের বাড়ি থেকে উদ্ধার হল বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র। পাশাপাশি, পৃথক অভিযানে মুর্শিদাবাদের শক্তিপুর থেকেও উদ্ধার হয়েছে প্রচুর তাজা কার্তুজ ও বন্দুক| এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে তিন জনকে।

এদিন পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৪ আগস্ট তৃণমূল নেতা পাপাই ঘোষকে গ্রেফতার করা হয়। ধৃতকে পুলিশি হেফাজতে নিয়ে দফায় দফায় জিজ্ঞাসাবাদ চালান তদন্তকারীরা। সেই জেরায় পাওয়া তথ্যের ভিত্তিতেই শনিবার সকালে কুঞ্জঘাটায় পাপাইয়ের বাসভবনে অভিযান চালায় পুলিশ। তল্লাশি চালিয়ে সেখান থেকে ৭টি আগ্নেয়াস্ত্র এবং বিপুল পরিমাণ তাজা গুলি উদ্ধার করা হয়েছে। কী উদ্দেশ্যে এই অস্ত্রগুলি মজুত করা হয়েছিল, তা খতিয়ে দেখতে তদন্ত আরও জোরদার করা হয়েছে।

অন্য দিকে, শনিবার জেলার শক্তিপুর থানা এলাকাতেও এক সফল অভিযান চালায় পুলিশ। সেখান থেকে ৪০টি কার্তুজ ও ৩টি বন্দুক উদ্ধার করার পাশাপাশি তিন জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের বাড়ি মুর্শিদাবাদের জলঙ্গি এলাকায়। পুলিশি জিজ্ঞাসাবাদে ধৃতেরা স্বীকার করেছে যে, বিহারের অস্ত্র কারবারির থেকে এই বেআইনি আগ্নেয়াস্ত্র ও গুলি কেনা হয়েছিল।

পরপর দুটি অভিযানে জেলা জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। আন্তঃরাজ্য বেআইনি অস্ত্র পাচার চক্রের সঙ্গে এই ঘটনার কোনও গভীর যোগ রয়েছে কি না, তা জানতে পুলিশ তদন্ত করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twelve − seven =