ঐতিহ্য ও সংস্কৃতিতে সমৃদ্ধ বীরভূম গড়ে তুলব, তারাপীঠ মন্দিরে পুজাে দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

বীরভূম : কৌশিকী অমাবস্যার ঠিক আগে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শনিবার বিখ্যাত তারাপীঠ মন্দিরে মা তারার পূজা-অর্চনা করেন। মাথায় পূজার ডালা নিয়ে মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করেন মুখ্যমন্ত্রী। সেখানে তিনি পূজা সম্পন্ন করেন এবং মন্ত্রোচ্চারণের মধ্যে পুষ্পাঞ্জলি নিবেদন করেন। তিনি মা তারা-কে একটি লাল বেনারসি শাড়ি, পদ্ম ও অপরাজিতার মালা অর্পণ করেন এবং নিজে হাতে মালা পরিয়ে আরতি করেন।

মুখ্যমন্ত্রী মন্দিরে পৌঁছানো মাত্রই সেখানে উপস্থিত পুণ্যার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা যায়। অনেকেই তাঁর সঙ্গে ছবি তোলার জন্য ভিড় জমান। পূজার পর মুখ্যমন্ত্রী মা তারার আশীর্বাদ নিয়ে মন্দির প্রাঙ্গণ থেকে বাইরে আসেন।সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, “মা তারার আশীর্বাদে আমরা ঐতিহ্য, সংস্কৃতি এবং রবীন্দ্রনাথ ঠাকুরের ঐতিহ্যবাহী এক নতুন বীরভূম গড়ে তুলব।”

তিনি জানান, মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর তিনি কালীঘাটসহ রাজ্যের একাধিক প্রধান ধর্মীয় স্থান পরিদর্শন করেছেন। তারাপীঠ দর্শন বাকি ছিল, যা তিনি শনিবার সম্পন্ন করলেন।কৌশিকী অমাবস্যা প্রসঙ্গে মুখ্যমন্ত্রী জানান যে, পুণ্যার্থীদের সুবিধার জন্য সমস্ত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এই উপলক্ষে তারাপীঠ মন্দিরে প্রচুর সংখ্যক ভক্ত ও পুণ্যার্থীর সমাগম হওয়ার সম্ভাবনা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twelve − nine =