‘চুরি করে এসেছিলাম, এবার দেশে ফিরছি’ – পুশব্যাকের আগে বাংলাদেশিদের দাবি

ক্যানিং : নতুন সরকার গঠনের সঙ্গে সঙ্গেই বাংলাদেশী অনুপ্রবেশকারীদের নিয়ে চরম সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। বিনা বাক্য ব্যয়ে তাঁদেরকে বাংলাদেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন প্রান্তে এ বিষয়ে ধরপাকড় শুরুও হয়েছে।

ইতিমধ্যেই দক্ষিণ ২৪ পরগনা জেলার বারুইপুর পুলিশ জেলায় পাঁচজন বাংলাদেশীকে আটক করা হয়েছে। ধৃতদের মধ্যে দুজন মহিলা ও তিনজন পুরুষ আছে। বিগত তিনদিন ধরে এই পুলিশ জেলার হোল্ডিং সেন্টার ক্যানিং ২ ব্লকের কর্মতীর্থে তাঁদেরকে কড়া পুলিশি পাহারায় আটক করে রাখা হয়েছিল। তবে শনিবার দুপুরেই তাঁদেরকে সেই হোল্ডিং সেন্টার থেকে বের করে নিয়ে যাওয়া হয়েছে বর্ডারের উদ্দেশ্যে। এদিন রাতেই এঁদেরকে বাংলাদেশে পুশ ব্যাক করা হতে পারে বলেই সূত্রের খবর। যদিও এ বিষয়ে দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসনের তরফ থেকে কোনও মন্তব্য করা হয়নি।

শনিবার দুপুরে এই হোল্ডিং সেন্টার থেকে বাসে করে কড়া পুলিশি নিরাপত্তায় তাঁদেরকে নিয়ে যাওয়া হয়। যাওয়ার পথে এই অনুপ্রবেশকারীরা সকলেই বলেন তাঁরা চুরি করে এদেশে এসেছিলেন। কেউ অনেক ছোট বেলায় এসেছিলেন, কেউ বা স্বামীর চিকিৎসার জন্য কয়েক মাস আগে এসেছিলেন। কেউ বা এদেশে এসে পাকাপাকি বসবাস করতে শুরু করেছিলেন। এখানেই কাজ জুটিয়ে নিয়েছিলেন।

কিন্তু নতুন সরকার আসার পর তাঁদেরকে দেশে ফেরৎ পাঠানোয় খুশি অনেকেই। তাঁদের বক্তব্য, “এতদিন ছিলাম, কাজ করছিলাম এখানে, এখানেই থেকে গিয়েছিলাম। নতুন সরকার ঠিকই করছে, আমাদেরকে দেশে পাঠিয়ে দিচ্ছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 − 9 =