নামবদল ঘিরে ফের তরজা তুঙ্গে; ‘পশ্চিমবঙ্গ’ চায় বিজেপি, ‘বাংলা’র দাবিতে অনড় তৃণমূল

কলকাতা : রাজ্যের নাম পরিবর্তন নিয়ে নতুন করে রাজনৈতিক তরজা শুরু হল পশ্চিমবঙ্গ রাজনীতিতে। রাজ্যসভায় পেশ হতে চলা এক বিলকে কেন্দ্র করে এই বিতর্কের সূত্রপাত। বুধবার কোচবিহারে দাঁড়িয়ে বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য দাবি করেন, রাজ্যের নাম পরিবর্তন করে ‘পশ্চিমবঙ্গ’ করা হবে। আর বিজেপির এই বক্তব্যের তীব্র বিরোধিতা করে পাল্টা আক্রমণ শানিয়েছে তৃণমূল কংগ্রেস। কুণাল ঘোষের স্পষ্ট বক্তব্য, রাজ্যের নাম হওয়া উচিত শুধুই ‘বাংলা’।

কোচবিহারে এক কর্মসূচিতে শমীক ভট্টাচার্য জানান, সংসদীয় প্রক্রিয়ার মাধ্যমে রাজ্যের নাম ‘পশ্চিমবঙ্গ’ করার পদক্ষেপ নেওয়া হচ্ছে। এর পরেই কলকাতায় সাংবাদিক বৈঠক করে বিজেপির এই অবস্থানের কড়া সমালোচনা করেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। তিনি মনে করিয়ে দেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্য বিধানসভায় সর্বসম্মতভাবে রাজ্যের নাম ‘বাংলা’ করার প্রস্তাব পাশ হয়েছিল। শিক্ষাবিদ, বুদ্ধিজীবী এবং ঐতিহাসিকদের সঙ্গে দীর্ঘ আলোচনার পরেই এই সর্বজনগ্রাহ্য সিদ্ধান্তে পৌঁছানো হয়েছিল।

বিজেপির সমালোচনা করে তৃণমূলের এই নেতা প্রশ্ন তোলেন, “নির্বাচনের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে বিজেপি শীর্ষ নেতৃত্ব বারবার এ রাজ্যে এসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। তখন তো কেউ ‘সোনার পশ্চিমবঙ্গ’ বলতেন না! ভোট চাওয়ার সময় যদি ‘সোনার বাংলা’ স্লোগান হতে পারে, তবে নির্বাচনের পরে সেই ‘বাংলা’ নাম মানতে আপত্তি কোথায়?” ঐতিহাসিক ভৌগোলিক প্রেক্ষিত টেনে তিনি আরও যোগ করেন, যেখানে ভৌগোলিকভাবে এখন কোনও ‘পূর্ব’ বঙ্গ নেই, সেখানে আলাদা করে ‘পশ্চিম’ শব্দের আর কোনও প্রাসঙ্গিকতা থাকে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × 1 =