ফলতায় শুরু ভোটগ্রহণ, বুথে ভোটারদের লম্বা লাইন

দক্ষিণ ২৪ পরগনা : বৃহস্পতিবার ফলতা বিধানসভা কেন্দ্রের ২৮৫টি বুথে পুনরায় ভোটগ্রহণ। এদিন সকাল থেকেই বুথে বুথে উৎসাহী ভোটারদের লাইন দেখা যায়। সকাল ৭টা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ। পুনর্নির্বাচন প্রক্রিয়া নির্বিঘ্নে সম্পন্ন করতে পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। পাশাপাশি, যে কোনও অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় কুইক রেসপন্স টিমও প্রস্তুত।

এদিকে, ফলতায় নির্বাচন চলছে অথচ, শুনশান তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খানের বাড়ি। তাঁর বাড়ির গেটে তালা। এলাকায় দেখা নেই জাহাঙ্গিরেরও। এমনকি, একাধিক বুথে নেই তৃণমূলের এজেন্ট। জাহাঙ্গির খানের বাড়ির কাছের দু’টি বুথেও নেই তৃণমূল কংগ্রেসের এজেন্ট।

প্রসঙ্গত, দক্ষিণ ২৪ পরগনার ফলতা বিধানসভার পুনর্নির্বাচনের ৪৮ ঘণ্টা আগে ভোটের ময়দান ছাড়েন তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খান। মঙ্গলবার ভোটপ্রচারের শেষ দিনে জাহাঙ্গির ঘোষণা করেন, ‘‘আমি এই ভোটে লড়ছি না।’’ যদিও প্রার্থিপদ প্রত্যাহারের শেষ দিন পেরিয়ে যাওয়ায় ইভিএমে তাঁর নাম থাকছে।

উল্লেখ্য, গত ২৯ এপ্রিল ছিল রাজ্যের শেষ দফার বিধানসভা ভোট। সেদিন ফলতা বিধানসভা কেন্দ্রের বেশ কিছু বুথে অনিয়মের অভিযোগ ওঠে। ইভিএমে কালি, টেপ লাগানোর মতো অভিযোগ পায় কমিশন। পুনর্নির্বাচনের দাবি ওঠে। কমিশন পুনর্নির্বাচনের সিদ্ধান্ত নেয়। সেই পুনর্নির্বাচনই হচ্ছে এদিন। ভোটগণনা হবে আগামী ২৪ মে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 + sixteen =