১ জুলাই থেকে রাজ্যে চালু ‘বিকশিত ভারত – গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন (গ্রামীণ)’

কলকাতা  : গ্রামীণ কর্মসংস্থান ও সামগ্রিক গ্রামোন্নয়নে নতুন উদ্যোগ হিসেবে আগামীকাল অর্থাৎ বুধবার ১ জুলাই থেকে পশ্চিমবঙ্গে তথা সারা রাজ্যে চালু হতে চলেছে ‘বিকশিত ভারত – গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন (গ্রামীণ)’। উল্লেখ্য, এই প্রকল্পের আওতায় রাজ্যের প্রায় ২.৫৬ কোটি জব কার্ডধারী উপকৃত এর তালিকায় রয়েছেন বলে সরকারি সূত্রের তরফেও দাবি করা হয়েছে।নতুন কর্মসূচির লক্ষ্য, – গ্রামীণ পরিবারের জন্য বছরে ১২৫ দিনের নিশ্চিত মজুরিভিত্তিক কর্মসংস্থান নিশ্চিত করা। কর্মসংস্থানের পাশাপাশি জীবিকাভিত্তিক উন্নয়ন, গ্রামীণ পরিকাঠামো গড়ে তোলা, প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ এবং স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে আয় বৃদ্ধির উপরও জোর দেওয়া হবে।

প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, প্রকল্পের অধীনে কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করতে বিভিন্ন উন্নয়নমূলক কাজ হাতে নেওয়া হবে। স্থানীয় স্তরে সম্পদ সৃষ্টি, কৃষি – সহায়ক পরিকাঠামো নির্মাণ এবং টেঁকসই জীবিকার সুযোগ বাড়ানোও হল এই উদ্যোগের অন্যতম উদ্দেশ্য। এদিকে, রাজ্য সরকারের আশা, নতুন এই কর্মসূচি গ্রামীণ দরিদ্র ও প্রান্তিক মানুষের আয় বৃদ্ধির পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ আরও প্রসারিত করবে। একই সঙ্গে গ্রামাঞ্চলে সামগ্রিক উন্নয়নের গতি বাড়াতে এই প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলেও প্রশাসনের দাবি।

তবে প্রকল্পের বাস্তবায়ন, অর্থ বরাদ্দ, কর্মদিবস নিশ্চিতকরণ এবং মাঠপর্যায়ে তার কার্যকারিতা কতটা সফল হয়, তার উপরই নির্ভর করবে এই উদ্যোগের প্রকৃত সাফল্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × 4 =