যাত্রী বিক্ষোভের জেরে কামারকুণ্ডু স্টেশনে আটকে পড়লো বন্দে ভারত এক্সপ্রেস

হুগলি : লাইনে দাঁড়িয়ে বিক্ষোভ দেখালেন যাত্রীরা। তার জেরেই শুক্রবার সকালে হুগলির কামারকুণ্ডু স্টেশনে আটকে পড়লো বন্দে ভারত এক্সপ্রেস। ঘটনাস্থলে ছুটে আসেন রেলের আধিকারিকরা। যাত্রীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন তাঁরা। প্রায় এক ঘণ্টা পরে ফের রওনা দেয় বন্দে ভারত এক্সপ্রেস। জানা গিয়েছে, বিক্ষোভকারীরা মূলত আপ কন্যাকুমারী-ডিব্রুগড় বিবেক এক্সপ্রেসের যাত্রী। ওই ট্রেন অত্যাধিক দেরিতে চলছে বলে অভিযোগ।

বৃহস্পতিবার বিকেলে কামারকুণ্ডু স্টেশনে ঢোকার বদলে শুক্রবার সকালে ট্রেনটি কামারকুণ্ডু পৌঁছয়। এরপরেও ট্রেনটিকে কামারকুণ্ডু স্টেশনে দীর্ঘক্ষণ দাঁড় করিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। শুক্রবার সকালে বিক্ষোভ চলাকালীন বন্দে ভারত এক্সপ্রেস লক্ষ্য করে পাথর ছোড়া হয়। রেল সূত্রে জানা গিয়েছে, সকাল সাড়ে ৬টা নাগাদ কন্যাকুমারী – ডিব্রুগড় বিবেক এক্সপ্রেস কামারকুণ্ডু স্টেশনে ঢুকলে যাত্রীদের একাংশ ট্রেন থেকে নেমে স্টেশনে বিক্ষোভ দেখাতে শুরু করেন। আপ হাওড়া-গয়া বন্দে ভারত এক্সপ্রেসকে দাঁড় করিয়ে দেন তাঁরা।

রেল লাইনে দাঁড়িয়ে বিক্ষোভ দেখাতে থাকেন অনেকে। বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে রেল পুলিশ ও আধিকারিকরা উপস্থিত হন। তারপরও প্রায় এক ঘণ্টা চলে বিক্ষোভ। এরপর যাত্রীদের বুঝিয়ে সকাল ৮টা নাগাদ আপ কন্যাকুমারী-ডিব্রুগড় এক্সপ্রেসকে রওনা করানো হয়। তারপরে রওনা দেয় হাওড়া- গয়া বন্দে ভারত এক্সপ্রেস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 − 4 =