নয়াদিল্লি : দেশের ৪টি রাজ্যে পাঁচটি রেলওয়ে মাল্টি-ট্র্যাকিং প্রকল্পের অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। এই পাঁচটি রেলওয়ে মাল্টি-ট্র্যাকিং প্রকল্পের জন্য মোট ১০,০২১ কোটি টাকা ব্যয় হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পৌরহিত্যে বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভার পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, এই প্রকল্পগুলি পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, ওড়িশা, মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়—এই রাজ্যগুলির ১৪টি জেলা জুড়ে বিস্তৃত এবং এর ফলে ভারতীয় রেলের বিদ্যমান নেটওয়ার্ক প্রায় ৬৫৬ কিলোমিটার বৃদ্ধি পাবে। মন্ত্রী জানান, প্রকল্পগুলির মধ্যে রয়েছে খড়গপুর-ঝারসুগুড়া চতুর্থ লাইন, কাটনি-পেন্দ্রা রোড চতুর্থ লাইন এবং বিলাসপুর-পেন্দ্রা রোড তৃতীয় লাইন। লাইনের সক্ষমতা বৃদ্ধির ফলে যাতায়াত ও পরিবহণ ব্যবস্থা উল্লেখযোগ্যভাবে উন্নত হবে, যার ফলে ভারতীয় রেলের পরিচালনগত দক্ষতা ও পরিষেবার নির্ভরযোগ্যতা বৃদ্ধি পাবে। এই মাল্টি-ট্র্যাকিং বা একাধিক রেললাইন বসানোর প্রস্তাবগুলি রেলের কাজকর্মকে আরও সুসংহত করবে।
কেন্দ্রীয় মন্ত্রিসভা তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক ও তেলেঙ্গানা—এই রাজ্যগুলির ১৭টি জেলা জুড়ে আরও পাঁচটি মাল্টি-ট্র্যাকিং প্রকল্পের অনুমোদন দিয়েছে, যার ফলে ভারতীয় রেলের নেটওয়ার্ক প্রায় ৫৪০ কিলোমিটার বৃদ্ধি পাবে। প্রকল্পগুলির মোট আনুমানিক ব্যয় ১০ হাজার ২১ কোটি টাকারও বেশি এবং ২০২৯-৩০ সালের মধ্যে এগুলি সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে। এই রুটগুলির মধ্যে রয়েছে আরাক্কোনাম-রেনিগুন্টা তৃতীয় ও চতুর্থ লাইন, হোয়াইটফিল্ড-বাঙ্গারাপেট তৃতীয় ও চতুর্থ লাইন এবং হোসুর-ওমালুর লাইনের ডাবলিং বা দ্বৈতকরণের কাজ। অনুমোদিত এই মাল্টি-ট্র্যাকিং প্রকল্পগুলি প্রায় ৫২ লক্ষ জনসংখ্যাবিশিষ্ট প্রায় ২,১০০টি গ্রামের সাথে রেল যোগাযোগ ব্যবস্থা উন্নত করবে।
কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, সরকার সাতটি উচ্চ-ঘনত্বের রেল করিডোর বা রুটে চার-লেনের ব্যবস্থা চালুর সিদ্ধান্ত নিয়েছে। এই রুটগুলি হলো—দিল্লি-হাওড়া, মুম্বই-হাওড়া, দিল্লি-মুম্বই, দিল্লি-গুয়াহাটি, দিল্লি-চেন্নাই, হাওড়া-চেন্নাই এবং মুম্বই-চেন্নাই। এই রুটগুলি মোট ১১ হাজার কিলোমিটার রেল নেটওয়ার্কের অন্তর্ভুক্ত এবং এর মধ্যে ২ হাজার কিলোমিটার অংশে চার-লেনের কাজ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। চার-লেনের জন্য অনুমোদিত এই নতুন প্রকল্পগুলি মূলত উচ্চ-ঘনত্বের রেল নেটওয়ার্কের সাথেই সম্পর্কিত।

