নিষেধ অমান্য করে উত্তাল সমুদ্রে স্নান, মন্দারমণিতে তলিয়ে মৃত্যু দুই পর্যটকের

মন্দারমণি : প্রশাসনের সতর্কবার্তা ও নিষেধাজ্ঞা উপেক্ষা করে উত্তাল সমুদ্রে স্নান করতে নেমে মর্মান্তিক দুর্ঘটনার শিকার হলেন দুই পর্যটক। পূর্ব মেদিনীপুরের মন্দারমণি সমুদ্রসৈকতে জোয়ারের সময় সমুদ্রে তলিয়ে গিয়ে মৃত্যু হয়েছে দক্ষিণ ২৪ পরগনার দুই বাসিন্দার।

রবিবার স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার জোয়ারের সময় কয়েকজন পর্যটক সমুদ্রে স্নান করতে নামেন। সেই সময় আচমকাই প্রবল ঢেউয়ের টানে দু’জন সমুদ্রের গভীরে ভেসে যান। বিষয়টি নজরে আসতেই নুলিয়ারা দ্রুত উদ্ধার অভিযান শুরু করেন। স্পিডবোট নিয়ে সমুদ্রে নেমে প্রায় দু’ঘণ্টা ধরে তল্লাশি চালানো হয়।

উদ্ধার অভিযানের সময় এক পর্যটককে সংজ্ঞাহীন অবস্থায় সমুদ্র থেকে উদ্ধার করা হয়। তাঁকে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। মৃতের নাম সোমনাথ মজুমদার। তিনি দক্ষিণ ২৪ পরগনার মহেশতলার দুলালপুর পূর্বপাড়া এলাকার বাসিন্দা।

অন্যদিকে, একই ঘটনায় নিখোঁজ ছিলেন দক্ষিণ ২৪ পরগনার জামালহাটির বাসিন্দা কমলেশ মণ্ডল। শনিবার রাত পর্যন্ত তাঁর কোনও খোঁজ মেলেনি। পরে রবিবার সকালে ফের তল্লাশি চালানোর সময় সমুদ্রে ভাসমান অবস্থায় তাঁর দেহ উদ্ধার করা হয়।

ঘটনার পর পর্যটকদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে বারবার সতর্কতা মেনে চলার আবেদন জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

9 + eighteen =