বিধানসভায় মনোনয়ন পত্র দাখিল তৃণমূলের মনোনীতদের

কলকাতা : পশ্চিমবঙ্গের শাসকদলের তরফে সংসদের উচ্চকক্ষে যাওয়ার বিষয়টিকে বেশ দায়িত্বপূর্ণ বলে মনে করছেন চার প্রতিনিধি। বৃহস্পতিবার তাঁরা বিধানসভা ভবনে এসে মনোনয়নপত্র জমা দিলেন।

বাবুল সুপ্রিয়, কোয়েল মল্লিক, রাজীব কুমার এবং মেনকা গুরুস্বামী এসে বিধানসভায় গিয়ে মনোনয়ন পেশ করেন। এরপর তাঁরা সাংবাদিকদের মুখোমুখি হন। সঙ্গে ছিলেন তৃণমূলের একাধিক অভিজ্ঞ মন্ত্রী।

তৃণমূলের চারজনের মধ্যে রাজনৈতিক বৃত্তের বাইরে থেকে এসেছেন তিনজনই। প্রাক্তন ডিজিপি রাজীব কুমারের সঙ্গে যদি বা সামান্য কিছু রাজনৈতিক-যোগ ছিল, অভিনেত্রী কোয়েল মল্লিক এবং আইনজীবী মেনকা গুরুস্বামী একেবারেই ভিন্ন জগতের। বাবুল সুপ্রিয় রাজনীতিতে পা দিয়ে বিজেপি প্রার্থী হিসাবে জিতেই কেন্দ্রের প্রতিমন্ত্রী হয়েছিলেন। মাঝপথে মন্ত্রীত্ব হারাতেই শিবির বদল করে তৃণমূলে নাম লেখান।

কোয়েল সংবাদমাধ্যমকে বলেন, ”মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ। আমি চিরকাল মানুষের জন্য কাজ করতে চেয়েছিলাম। সেই সুযোগ, সেই দায়িত্ব আমি পেলাম।” মেনকা গুরুস্বামীর কথায়, ”আমি সংবিধান মেনে কাজ করার পক্ষে, সে সংসদ হোক বা আদালত।

সংবিধান মানুষকে সমানাধিকার দেয়। সেই সমানাধিকারের জন্য লড়াই করার সুযোগ পেলাম সংসদের উচ্চ কক্ষে।” পূর্ব ঘোষণা মতো বৃহস্পতিবার বিধানসভায় এসে নিজেদের মনোনয়ন পেশ করলেন রাজ্যসভায় তৃণমূলের চার প্রার্থী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 + 18 =