জমি দখলের অভিযোগ, গ্রেফতার তৃণমূল নেতা কাজল ঘোষ

শিলিগুড়ি : প্রায় ৯ বছরের পুরোনো জমি সংক্রান্ত একটি মামলায় গ্রেফতার করা হলো প্রভাবশালী তৃণমূল নেতা কাজল ঘোষকে| শিলিগুড়ি-জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষের প্রাক্তন সদস্য কাজল ঘোষকে শনিবার গভীর রাতে খড়িবাড়ি এলাকা থেকে পুলিশ গ্রেফতার করে। তাঁর বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব খাটিয়ে জাল নথির মাধ্যমে এক বিধবার কাছ থেকে সরকারি পাট্টার জমি আত্মসাৎ করে সেখানে একটি চা প্রক্রিয়াকরণ কারখানা স্থাপনের অভিযোগ রয়েছে।

অভিযোগ, শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়া বিধানসভা কেন্দ্রের তৃণমূলের প্রাক্তন কো-অর্ডিনেটর কাজল ঘোষ বিধাননগরের বড় পাইপকাড়া মৌজায় এক বিধবা মহিলার নামে থাকা এক একরেরও বেশি জমি বেআইনিভাবে দখল করেছিলেন। অভিযোগ, এরপর সেখানে শ্রীরূপা টি অ্যান্ড ইন্ডাস্ট্রি নামে একটি চা প্রক্রিয়াকরণ কারখানা তৈরি করা হয়।

অভিযোগকারী মহিলার দাবি, জমি দখলের বিরুদ্ধে প্রতিবাদ করায় তাঁকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছিল। রাজনৈতিক প্রভাবশালী হওয়ার কারণে কাজল ঘোষের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি সেসময়। তবে রাজ্যে রাজনৈতিক পালাবাদলের পর তিনি ফাঁসিদেওয়া থানায় কাজল ঘোষ ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনার তদন্ত শুরু করে| শেষমেশ শনিবার রাতে তাঁকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, কাজল ঘোষের বিরুদ্ধে জমি দখল ছাড়াও বিভিন্ন অসামাজিক কার্যকলাপ সংক্রান্ত পুরোনো মামলাও রয়েছে। রবিবার তাঁকে শিলিগুড়ি আদালতে পেশ করা হবে বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

11 − two =