কলকাতা : নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে সোমবার বৈঠক করলো তৃণমূলের প্রতিনিধি দল। ফের একবার কমিশনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন চন্দ্রিমা ভট্টাচার্য। দাবি, মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার তাঁকে চিৎকার করতে নিষেধ করেছেন। তাঁর ব্যবহারে চন্দ্রিমা অসন্তুষ্ট হয়েছেন বলে দাবি। চন্দ্রিমা বলেন, ‘‘আমি মহিলা আমাকে বলছেন ডোন্ট শাউট!”
তৃণমূলের প্রতিনিধিদলে ফিরহাদ হাকিমও ছিলেন। তিনি বলেন, ‘‘বিজেপি একটা ধারণা তৈরি করে দিয়েছে যে, এটা রোহিঙ্গা আর অনুপ্রবেশকারীদের জায়গা। সেই অনুযায়ী কমিশন নীতি তৈরি করেছে। কিন্তু আপনারা তো এই দু’মাসের প্রক্রিয়ায় তার কোনও প্রমাণ পেলেন না। বরং ভারতীয় নাগরিকদের হেনস্থা করলেন।
কয়েকশো মৃত্যু, এত অসুস্থতার দায় কার? এত মানুষ নিজেদের কাজকর্ম ছেড়ে দিয়ে লাইনে দাঁড়াচ্ছেন। শুধু নাগরিকত্ব প্রমাণ করতে। এটা কমিশনের ভুল হয়েছে। বিজেপির কথা শুনে তৈরি করা নীতিতে ভুল হয়েছে। আমাদের একটাই আবেদন, দেখবেন যেন কোনও ভারতীয় নাগরিক বঞ্চিত না হন।’’

