কলকাতা : ফাল্গুনের শেষ লগ্নে ফের বদলাচ্ছে বাংলার আবহাওয়া। আকাশে তৈরি হওয়া ঘূর্ণাবর্তের প্রভাবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আবহবিদদের মতে, আগামী কয়েক দিন উত্তর ও দক্ষিণ— দুই বঙ্গেই ঝড়বৃষ্টির অনুকূল পরিস্থিতি বজায় থাকতে পারে।
আবহাওয়া দফতর জানিয়েছে, সোমবার ও মঙ্গলবার কলকাতা, হাওড়া, হুগলি এবং উত্তর ২৪ পরগনায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি এবং দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও এই জেলাগুলির জন্য বিশেষ সতর্কতা জারি করা হয়নি।অন্যদিকে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া— এই ১০ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়ে সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলেও জানানো হয়েছে।উত্তরবঙ্গেও সারা সপ্তাহ জুড়ে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
মঙ্গলবার পর্যন্ত দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়িতে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। সোমবার থেকে বুধবার পর্যন্ত সতর্কতা রয়েছে আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায়।আবহাওয়া দফতরের মতে, ওড়িশা ও সংলগ্ন অঞ্চলের উপর একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ায় গাঙ্গেয় বঙ্গে এই ঝড়বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়েছে।

