কলকাতা : পুজোর আগে রাজ্যে বেসরকারি বাস পরিষেবা স্বাভাবিক রাখতে এবং পরিবহণ সংস্থাগুলির আর্থিক চাপ কমানো সহ একাধিক সমস্যার দ্রুত সমাধান করার উদ্যোগ নিল রাজ্য পরিবহণ দপ্তর। সোমবার ময়দান টেন্ট অফিসে পরপর দু’টি বৈঠকে সরকারি পরিবহণ সংস্থা এবং বেসরকারি বাস মালিকদের সমস্যা নিয়ে আলোচনায় বসেন রাজ্যের পরিবহণমন্ত্রী অর্জুন সিং।
এই বৈঠকে বেসরকারি বাস মালিকদের মূল অভিযোগ বিভিন্ন টোল প্লাজা নিয়ে। টোলের পরিমাণ, অনলাইন পেমেন্ট ও ফাস্ট্যাগ ব্যবস্থায় সমস্যা এবং তার জেরে বাড়তি খরচ নিয়ে তাঁরা মন্ত্রীর কাছে সরব হন। এছাড়াও পুলিশি হয়রানির অভিযোগও বৈঠকের আলোচনায় উঠে আসে। পাশাপাশি নির্বাচনী প্রক্রিয়ায় ডিউটি করা বাসের বকেয়া টাকা এবং পুরনো মোটর ভেহিকল করের উপর থেকে জরিমানা মকুব করার দাবিও তারা পরিবহন মন্ত্রীর কাছে তুলে ধরেন।
যদিও টোলের সমস্যা মেটাতে জাতীয় সড়ক কর্তৃপক্ষের আধিকারিকদের দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন মন্ত্রী। রাজ্যজুড়ে যাতে একই ধরনের বাস্তবসম্মত ব্যবস্থা করা যায়, সে দিকে নজর দিতে বলা হয়েছে। বাস মালিকদের জন্য ওড়িশার মতো অন্য রাজ্যে চালু থাকা সুবিধাগুলিও খতিয়ে দেখতে নির্দেশ দেন মন্ত্রী। এক সপ্তাহের মধ্যে এই সমস্যা সমাধানের প্রস্তাব দিতে বলা হয় জাতীয় সড়ক কর্তৃপক্ষকে। সেই রিপোর্ট পাওয়ার পরে এই বিষয়টি নিয়ে ফের বৈঠক করে আলোচনা করা হবে বলেই পরিবহন দপ্তর সূত্রে খবর।
এছাড়াও পুলিশের বিরুদ্ধে অভিযোগগুলি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে খতিয়ে দেখার নির্দেশও দেওয়া হয়। নির্বাচনী কাজে অংশ নেওয়া বাসের বকেয়া দ্রুত মেটানোর বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে আলোচনা করার আশ্বাস দেওয়া হয় পরিবহণ দপ্তরের পক্ষ থেকে। পাশাপাশি মোটর ভেহিকল করের বকেয়া নিয়ে জরিমানায় কোনও ছাড় দেওয়া যায় কি না, তাও খতিয়ে দেখতেও অধিকারিকদের নির্দেশ দেন পরিবহন মন্ত্রী।
এর পাশাপাশি পাঁচটি সরকারি পরিবহণ সংস্থার আর্থিক অবস্থা নিয়েও আলাদা বৈঠক হয়। আয় বাড়াতে অব্যবহৃত সম্পদকে কার্যকরভাবে ব্যবহার করে, সরকারি-বেসরকারি অংশীদারির মাধ্যমে সেই সম্পদকে কাজে লাগানো এবং বৈজ্ঞানিক পদ্ধতিতে বাতিল হওয়া যান ও অন্যান্য সম্পদ বিক্রির সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয় এই বৈঠকে। যদিও যাত্রী পরিষেবার মান এবং পরিচালন দক্ষতা বাড়ানোর বিষয়টিও এদিনের আলোচনাতে উঠে আসে।
পুজোর সময় বাসের চাহিদা বাড়বে। সেই পরিস্থিতিতে ভাড়া বা পরিষেবা নিয়ে নতুন কোনও চাপ যাতে যাত্রীদের উপর না পড়ে, সে জন্য মালিক সংগঠনগুলিকে পরিষেবা সচল রাখার আবেদন জানান পরিবহন মন্ত্রী অর্জুন সিং। পুজোর দিনগুলিতে নির্ভরযোগ্য গণপরিবহণ সচল রাখতে তাঁদের সহযোগিতাও চাওয়া হয় এই বৈঠকে।

