চোট পাওয়া ক্রিকেটারদের নিয়ে কড়া সিদ্ধান্ত, ফিটনেস যাচাইয়ে নতুন নীতি আনল বিসিসিআই

চোটের কারণে একের পর এক ক্রিকেটার আন্তর্জাতিক দলে সুযোগ পাওয়ার পর মাঠে নেমেই ছিটকে যাওয়ায় সমালোচনার মুখে পড়েছিল বিসিসিআই। এবার সেই বিতর্কের পর নির্বাচনী প্রক্রিয়ায় বড় পরিবর্তনের পথে হাঁটল ভারতীয় ক্রিকেট বোর্ড। নতুন নীতি অনুযায়ী, কোনও ক্রিকেটারকে দলে রাখার আগে তাঁর ফিটনেস নিয়ে ১০০ শতাংশ নয়, ২০০ শতাংশ নিশ্চিত হতে চাইছে বোর্ড।
আফগানিস্তানের বিরুদ্ধে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণাতেই এই পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। জসপ্রীত বুমরাহ, নীতীশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর এবং হর্ষিত রানার নামের পাশে ফিটনেস নিয়ে শর্তসাপেক্ষ উল্লেখ রাখা হয়েছে। অর্থাৎ দল ঘোষণার সময় তাঁরা পুরোপুরি ফিট না হলেও সিরিজ শুরুর আগে সুস্থ হয়ে উঠলে দলে থাকতে পারবেন।
গত কয়েক মাসে বেঙ্গালুরুর বিসিসিআই সেন্টার অব এক্সেলেন্সের চোট ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন উঠেছিল। হর্ষিত রানা, বুমরাহ, ওয়াশিংটন সুন্দর এবং নীতীশ কুমার রেড্ডির মতো ক্রিকেটারদের আন্তর্জাতিক দলে নেওয়ার পর চোটের কারণে বাদ পড়তে হয়েছে। পরিস্থিতি সামলাতে এবার আগেভাগে ফিটনেস নিয়ে নিশ্চিত হওয়ার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড।
সেন্টার অব এক্সেলেন্সের প্রধান ভিভিএস লক্ষ্মণ আগেই জানিয়েছিলেন, ফিটনেস সংক্রান্ত তথ্য ও নির্বাচনী প্রক্রিয়ায় স্বচ্ছতা রাখার চেষ্টা করছে বোর্ড। তাঁর বক্তব্য অনুযায়ী, দল ঘোষণার সময় কোনও ক্রিকেটারের নামের পাশে ফিটনেসের শর্ত থাকলে বিকল্প ক্রিকেটার সম্পর্কেও নির্বাচকদের প্রস্তুত থাকতে হয়।
বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়াও জানিয়েছেন, আন্তর্জাতিক সফরের ২১ থেকে ২৮ দিন আগে দল নির্বাচন হওয়ায় সেই সময়ের চোট বা ফিটনেস পরিস্থিতি পরে বদলে যেতে পারে। তাই কোনও ক্রিকেটারকে পুরোপুরি বাদ না দিয়ে শর্তসাপেক্ষে দলে রাখা হচ্ছে।
আফগানিস্তান সিরিজে বুমরাহ ও নীতীশের ফিট হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে। তবে হর্ষিত ও সুন্দরকে নিয়ে এখনও নিশ্চিত নয় বোর্ড। নতুন নীতিতে তাঁদের ক্ষেত্রে কোনও ঝুঁকি নিতে চাইছে না সেন্টার অব এক্সেলেন্স।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five + 3 =