আকাশের হ্যাটট্রিকে ডার্বির আগে বড় জয় ইস্টবেঙ্গলের

ইস্টবেঙ্গল এফসি ৩ (আকাশ) 
ইউনাইটেড কলকাতা স্পোর্টস ক্লাব ০
নিজস্ব প্রতিবেদন: কলকাতা লিগের প্রিমিয়ার ডিভিশনে বড় জয় পেল ইস্টবেঙ্গল। ক্যালকাটা কাস্টমসকে হারানোর পর আগেই সুপার সিক্সে পৌঁছে গিয়েছিল লাল-হলুদ ব্রিগেড। ইউনাইটেড কলকাতার বিরুদ্ধে নিয়মরক্ষার ম্যাচকেও হালকা ভাবে নিল না অর্চিস্মান বিশ্বাসের ছেলেরা। ৭ সেপ্টেম্বর, সোমবার কলকাতা লিগের ডার্বি। তার আগে ইউনাইটেড কলকাতাকে ৩-০ গোলে হারিয়ে ডার্বির আগে আত্মবিশ্বাস বাড়িয়ে নিল ইস্টবেঙ্গল।
বুধবার নৈহাটির বঙ্কিমাঞ্জলি স্টেডিয়ামে শুরু থেকেই দাপট দেখায় ইস্টবেঙ্গল। বারবার আক্রমণে উঠছিল লাল-হলুদ ব্রিগেড। প্রতিপক্ষের ডিফেন্ডারদের ব্যস্ত রাখলেও কিছুতেই গোলমুখ খুলতে পারছিলেন না ফুটবলাররা। ম্যাচের ২২ মিনিটে ডেডলক ভাঙেন আকাশ হেমব্রম। অসাধারণ থ্রু পাস পেয়ে আগুয়ান ইউনাইটেড কলকাতার গোলকিপার সুরজ মল্লিককে পরাস্ত করে জালে বল জড়িয়ে দেন আকাশ। গোলের পর ক্রিশ্চিয়ানোর রোনাল্ডোর সিউউউ সেলিবেশন করেন। গোল খেয়েও দমে যায়নি ইউনাইটেড কলকাতা। পালটা আক্রমণ চালিয়ে যান প্রতীক লামা, সালাম রঞ্জন সিংরা। সমতায় ফেরানোর সুযোগ এসে গিয়েছিল ইউনাইটেড কলকাতার সামনেও। গোলের কাছাকাছি চলে এলেও জালে বল জড়াতে ব্যর্থ হয় তারা। এক গোলে এগিয়ে বিরতিতে যায় ইস্টবেঙ্গল। দ্বিতীয়ার্ধেও তুল্যমূল্য লড়াই চালায় দুই দল। ৬৭ মিনিটে সমতা ফেরাতে পারত ইউনাইটেড। কিন্তু পোস্টে লেগে প্রতিহত হয় তাদের আক্রমণ। ৮২ মিনিটে মহম্মদ বিলাল সুযোগ পেয়ে গিয়েছিলেন। এর চার মিনিট পর ব্যবধান বাড়ান আকাশ। অতিরিক্ত সময়ে (৯০+৪) হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি। শেষ পর্যন্ত ৩-০ গোলে জিতে মাঠ ছাড়ে ইস্টবেঙ্গল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × four =