মুম্বই : বলিউড অভিনেতা টাইগার শ্রফের গাড়িতে গুলি চালানোর ঘটনায় গ্রেফতার তিন অভিযুক্তকে বুধবার ভোরে মুম্বইয়ে নিয়ে এল পুলিশ। রাজস্থানের কোটা থেকে প্রায় ১৭ ঘণ্টার যাত্রার পর তাঁদের মুম্বইয়ে আনা হয়। এরপর কড়া নিরাপত্তার মধ্যে তিনজনকে জিটি হাসপাতালে নিয়ে গিয়ে স্বাস্থ্য পরীক্ষা করানো হয়।
জানা গেছে , স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হওয়ার পর অভিযুক্তদের মুম্বই ক্রাইম ব্রাঞ্চের অ্যান্টি-এক্সটরশন সেলে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে তাঁদের জিজ্ঞাসাবাদ করা হবে। এই ঘটনায় আরও কারা জড়িত এবং গুলি চালানোর নেপথ্যে কী উদ্দেশ্য ছিল, তা খতিয়ে দেখছে পুলিশ।
উল্লেখ্য, রবিবার সন্ধ্যায় মুম্বইয়ের জুহু এলাকায় একটি ফুটবল ক্লাব থেকে বেরোনোর সময় টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা ঘটে। এই ঘটনায় অভিনেতা সরাসরি গুলিবিদ্ধ না হলেও তাঁর গাড়ির চালক-সহ অন্য এক ব্যক্তি আহত হন। তদন্তে নেমে মুম্বই পুলিশ ও রাজস্থান পুলিশ যৌথ অভিযানে সোমবার কোটার একটি ট্রেন থেকে তিন অভিযুক্তকে গ্রেফতার করে।
স্থানীয় আদালত থেকে ৪৮ ঘণ্টার ট্রানজিট রিমান্ড পাওয়ার পর তাঁদের মুম্বই নিয়ে আসা হয়। এখন ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের জন্য অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ চালাচ্ছে মুম্বই পুলিশ।

