কলকাতা : শিয়ালদহে সরকারি উদ্যোগে রোজগার মেলার আয়োজন করা হয়েছে। শনিবারের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এ ছাড়াও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ডঃ সুকান্ত মজুমদার। শনিবার শিয়ালদহে রোজগার মেলা থেকে রাজ্যের নিয়োগ দুর্নীতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, ‘নিয়োগ দুর্নীতিতে আমাদের রাজ্যের অনেক বদনাম হয়েছে। পশ্চিমবঙ্গকে নিয়ে অনেক আশা ছিল। কিন্তু গত কয়েক বছরে সব ধ্বংস হয়েছে। পশ্চিমবঙ্গকে এই ভাবমূর্তির বাইরে বের করতে হবে।’
এদিন নিয়োগ প্রক্রিয়া নিয়ে বেশ কিছু ঘোষণা করেন শুভেন্দু। তিনি বলেন, ‘বিধানসভার পরবর্তী অধিবেশনে নিয়োগ নিয়ে নতুন আইন ঘোষণা হবে। নতুন প্রজন্মের স্বপ্নপূরণের চেষ্টা চলছে।’ এ দিন মুখ্যমন্ত্রী রাজ্য়ে পরীক্ষার ভেন্যু নিয়েও ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, ‘রাজ্যে পরীক্ষাকেন্দ্রগুলিও কলুষিত হয়েছে। সেই কারণে রেলের পরীক্ষাগুলি পশ্চিমবঙ্গে নেওয়া হচ্ছিল না।’
শিয়ালদহের রোজগার মেলা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগের ব্যাপক প্রশংসা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী। শুভেন্দু অধিকারী বলেন, ’স্বচ্ছতার সঙ্গে মেধাবীদের চাকরির সুযোগ দিচ্ছেন প্রধানমন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রীর দায়িত্ববোধ সর্বত্র প্রশংসিত।’ এ ছাড়াও এ দিন তিনি ওএমআর দুর্নীতি নিয়েও ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, ওএমআর-এর সঙ্গে কার্বনকপি জমা নেওয়া খারাপ প্র্যাক্টিস। ওএমআর-এর কার্বনকপি প্রত্যেক পরীক্ষার্থীকে দেওয়া উচিত। আমরা চাই মৌখিক নম্বর কিছুটা কমিয়ে স্বচ্ছতার সঙ্গে নিয়োগ হোক রাজ্যে।’

