ভাঙন ধরেই চলেছে তৃণমূলে, রাজ্যসভা থেকে ইস্তফা প্রকাশ বরাইকের

নয়াদিল্লি : তৃণমূল কংগ্রেসে একের পর এক ভাঙন ধরেই চলেছে। জল্পনায় সিলমোহর দিয়ে রাজ্যসভার সাংসদ পদ থেকে এ বার পদত্যাগ করলেন তৃণমূল কংগ্রেসের প্রকাশ চিক বরাইক। চলতি সপ্তাহে রাজ্যসভার তৃতীয় তৃণমূল সাংসদ হিসেবে ইস্তফা দিলেন তিনি। সুখেন্দুশেখর রায় এবং সুস্মিতা দেবের পর তিনিই তৃতীয় সাংসদ যিনি এমনটি করলেন। বৃহস্পতিবার রাজ্যসভা থেকে পদত্যাগ করেছেন প্রকাশ চিক বরাইক। সংসদের উচ্চকক্ষের চেয়ারম্যান সি পি রাধাকৃষ্ণনের কাছে নিজের পদত্যাগপত্র জমা দিয়েছেন প্রকাশ। তাঁর পদত্যাগের পর উচ্চকক্ষে তৃণমূলের আসন সংখ্যা কমে ১০-এ পৌঁছলো।

পদত্যাগ পত্রে প্রকাশ চিক বরাইক লিখেছেন, ‘‘আমি রাজ্যসভার সদস্য পদ থেকে ইস্তফা দিলাম। তাৎক্ষণিকভাবেই তা প্রতিফলিত হবে বলে আশা করি৷ রাজ্যসভার সদস্য হিসেবে আমার কার্যকালে সকল প্রকার সাহায্য ও সহযোগিতা প্রদানের জন্য আমি মহামান্য চেয়ারম্যান, মাননীয় ভাইস-চেয়ারম্যান এবং রাজ্যসভা সচিবালয়ের সকল কর্মকর্তাবৃন্দের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।’’

উল্লেখ্য, ২০২৩ সালের আগস্ট মাসে তিনি পশ্চিমবঙ্গ থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃণমূলের হয়ে প্রথমবার রাজ্যসভার সদস্য নির্বাচিত হন। ২০০৪ সালে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ সূর্যসেন কলেজ থেকে বি.কম স্নাতক প্রকাশ। জাতীয় রাজনীতিতে আসার আগে তিনি উত্তরবঙ্গের চা-বাগান শ্রমিকদের নেতা হিসেবে পরিচিত ছিলেন। পরবর্তীকালে তিনি আলিপুরদুয়ার অঞ্চলে তৃণমূল কংগ্রেসের একজন গুরুত্বপূর্ণ নেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 + five =