পশ্চিম বর্ধমান : আসানসোল পুরসভার বোর্ড ভেঙে দিল রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতর। পুরসভার কিছু কাজকর্ম নিয়ে অসন্তোষ জানিয়ে সম্প্রতি শো-কজ নোটিস পাঠানো হয়েছিল দফতরের তরফে। বুধবার জানা গেছে, সেই নোটিসের সদুত্তর না-মেলায় পুরবোর্ড ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেয় সরকার। পুরসভায় প্রশাসক বসানো হয়েছে বলেও জানা গেছে।
উল্লেখ্য, আসানসোল পুরসভায় ১০৬টি ওয়ার্ড রয়েছে। ইতিমধ্যেই ওই পুরসভার ছ’জন কাউন্সিলর এবং দু’জন বরো চেয়ারম্যান ইস্তফা দিয়েছেন।
আসানসোল পুরসভায় অচলাবস্থার অভিযোগ উঠেছিল। অভিযোগ, পুরবোর্ডের কোনও বৈঠকই হচ্ছিল না। এ ছাড়াও, সম্পত্তি কর মকুবের অভিযোগও রয়েছে। তার প্রেক্ষিতে সম্প্রতি শো-কজ নোটিস পাঠানো হয়েছিল। পুর কর্তৃপক্ষের জবাবে সন্তুষ্ট না হওয়ায় বোর্ড ভেঙে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে দফতর সূত্রে জানা গিয়েছে।

