তারকেশ্বর সর্বাধিক স্বচ্ছ শহর হিসেবে নির্বাচিত, জানালেন অগ্নিমিত্রা

কলকাতা : বুধবার নিজের সমাজ মাধ্যমে রাজ্যের জন্য খুশির খবর ভাগ করে নিলেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল| এ দিন তিনি জানান, তারকেশ্বরকে সর্বাধিক স্বচ্ছ শহর হিসেবে নির্বাচন করা হয়েছে|

বুধবার সমাজ মাধ্যম ফেসবুক পেজে একটি পোস্টে রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল লেখেন, “আজ ভাইফোঁটার দিনে দিল্লিতে এসে একটি অত্যন্ত আনন্দের খবর আপনাদের সঙ্গে ভাগ করে নিতে পেরে গর্বিত। স্বচ্ছ সর্বেক্ষণ-এ পশ্চিমবঙ্গের ১৩০টি শহরের মধ্যে তারকেশ্বরকে সর্বাধিক স্বচ্ছ শহর হিসেবে নির্বাচিত করা হয়েছে।

প্রায় ১৫০টি মানদণ্ডের ভিত্তিতে হওয়া এই মূল্যায়নে তারকেশ্বরের এই সাফল্য নিঃসন্দেহে বাংলার জন্য এক গর্বের মুহূর্ত। আজ নয়াদিল্লির বিজ্ঞান ভবনে মহামহিম রাষ্ট্রপতির হাত থেকে এই সম্মান গ্রহণ করার সুযোগ আমার এবং নগরোন্নয়ন দপ্তরের সহকর্মীদের জন্য অত্যন্ত আনন্দের ও গর্বের।

এই পুরস্কার শুধু তারকেশ্বরের নয়—এটি সমগ্র পশ্চিমবঙ্গের মানুষের সাফল্য। এই স্বীকৃতি প্রমাণ করে, আন্তরিক উদ্যোগ, সঠিক পরিকল্পনা এবং নাগরিকদের সহযোগিতা থাকলে বাংলার শহরগুলিও দেশের সেরা শহরগুলির সঙ্গে সমানতালে এগিয়ে যেতে পারে।”

এর পাশাপাশি, ভাইফোঁটার স্মৃতি রোমন্থন করেছেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল| তিনি সমাজ মাধ্যমে লেখেন, “ভাইফোঁটার এই বিশেষ দিনে আমার আসানসোলের ভাই-বোনদের এবং বাংলার সর্বত্র যাঁরা সবসময় আমাকে ভালোবাসা, আশীর্বাদ ও সাহস দিয়ে পাশে থেকেছেন, তাঁদের কথা বিশেষভাবে মনে পড়ছে। প্রতিবছর আসানসোলে ভাইফোঁটার অনুষ্ঠানে আপনাদের সঙ্গে কাটানো মুহূর্তগুলিও আজ খুব মনে পড়ছে।

এই গর্বের মুহূর্ত বাংলার প্রতিটি মানুষের সঙ্গে ভাগ করে নিতে চাই। আপনাদের ভালোবাসা, আশীর্বাদ ও সহযোগিতা নিয়েই আগামী দিনে আরও পরিচ্ছন্ন, সুন্দর ও উন্নত বাংলা গড়ার লক্ষ্যে এগিয়ে যাব।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eleven + nine =