জ্ঞানেশকে বরখাস্তে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিতে নারাজ সুপ্রিম কোর্ট, নির্বাচন কমিশনকে নোটিস

নয়াদিল্লি : নির্বাচন কমিশনে বাকি দুই কমিশনারের সঙ্গে কোনও আলোচনা না করে একতরফা সিদ্ধান্ত নেওয়ার অভিযোগ উঠেছে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে। তবে, জ্ঞানেশকে বরখাস্ত বা তাঁর কাজে স্থগিতাদেশ দিতে অস্বীকার করল সুপ্রিম কোর্ট। তবে এই গুরুতর অভিযোগের প্রেক্ষিতে নির্বাচন কমিশনকে নোটিস পাঠিয়ে তাদের জবাব তলব করেছে শীর্ষ আদালত। সোমবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন বেঞ্চে মামলাটির শুনানি চলাকালীন এই নির্দেশ দেওয়া হয়। আবেদনে অভিযোগ তোলা হয়েছিল যে, সাংবিধানিক রীতি অনুযায়ী পূর্ণ কমিশনের সম্মিলিত ঐকমত্য ছাড়াই মুখ্য নির্বাচন কমিশনার একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত একতরফাভাবে কার্যকর করেছেন।

শুনানি চলাকালীন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ ইঙ্গিত দেয়, নির্বাচন কমিশনের জবাব খতিয়ে দেখার পরই আদালত পরবর্তী পদক্ষেপ স্থির করবে। যদি দেখা যায় যে কোনও নির্দিষ্ট সিদ্ধান্ত কমিশনের সংখ্যাগরিষ্ঠতা বা প্রয়োজনীয় ঐকমত্য ছাড়াই নেওয়া হয়েছিল, তবে সেই সিদ্ধান্ত আদালত পুনর্বিবেচনা বা প্রত্যাহার করতে পারে।

আদালতের পর্যবেক্ষণ তুলে ধরে বেঞ্চ স্পষ্ট জানায়, “নোটিসের পর তারা যদি আদালতে এসে দেখাতে পারে যে অমুক অমুক সিদ্ধান্ত সর্বসম্মতি ছাড়াই নেওয়া হয়েছিল, তবে আমরা সেই সমস্ত সিদ্ধান্ত প্রত্যাহার করে নেব।” তবে কোনও অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি না করে কমিশনকে আগে নিজেদের অবস্থান স্পষ্ট করার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eleven + sixteen =