পরিযায়ী শ্রমিকদের কর্মসংস্থানের আশ্বাস, দাসপুরের ফরিদপুরের গোল্ডহাব শর্তসাপেক্ষে চাইলেন স্বর্ণশিল্পপতি এস. এস. আলম

সুমন মণ্ডল,ঘাটাল : বিগত সরকারের আমলে পশ্চিম মেদিনীপুরের দাসপুরের ফরিদপুরে তৈরি হয়েছিল গোল্ড হাব। ঘাটাল ও দাসপুর এলাকার বহু মানুষ দীর্ঘদিন ধরেই স্বর্ণশিল্পের সঙ্গে যুক্ত। তাই এলাকায় গোল্ড হাব তৈরি হওয়ায় স্বাভাবিকভাবেই কর্মসংস্থানের নতুন আশার আলো দেখেছিলেন স্থানীয় স্বর্ণশিল্পীরা।

ভিনরাজ্যে গিয়ে কাজ করার দিন ফুরিয়ে এবার নিজের বাড়ির কাছেই স্বর্ণশিল্পে কাজের সুযোগ মিলবে—এমন আশায় বুক বেঁধেছিলেন বহু স্বর্ণশিল্পী। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখনও চালু হয়নি ফরিদপুরের গোল্ড হাব।
এরই মধ্যে রাজ্যে নতুন সরকার গঠিত হয়েছে। ফলে ফের গোল্ড হাব চালু হওয়ার আশায় দিন গুনছেন দাসপুর-ঘাটালের পরিযায়ী স্বর্ণশিল্পীরা।

সম্প্রতি দাসপুরের ফরিদপুরে গোল্ড হাব পরিদর্শন করেন স্বর্ণ ব্যবসায়ী তথা শিল্পপতি এস. এস. আলম। গোল্ড হাবটি দ্রুত চালু করে কর্মসংস্থানের সুযোগ তৈরি করার জন্য তিনি বর্তমান সরকারের কাছে আবেদন জানিয়েছেন।

এস. এস. আলমের আবেদন, শর্তসাপেক্ষে তাঁকে ফরিদপুরের গোল্ড হাবটি লিজ দেওয়া হোক। তাঁর দাবি, দায়িত্ব পেলে এই প্রকল্পের মাধ্যমে এলাকার পাশাপাশি ভিনরাজ্যে কর্মরত বহু পরিযায়ী স্বর্ণশিল্পীকে নিজের এলাকায় কর্মসংস্থানের সুযোগ করে দেওয়া সম্ভব হবে।
গোল্ড হাব চালু হলে স্বর্ণশিল্পকে কেন্দ্র করে দাসপুর ও ঘাটাল এলাকায় নতুন কর্মসংস্থানের পাশাপাশি শিল্পেরও প্রসার ঘটবে বলে আশাবাদী স্বর্ণশিল্পের সঙ্গে যুক্ত মানুষজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

six − 6 =