সুহেলের জোড়া গোল, পাকিস্তানকে হারিয়ে সাফ অভিযান শুরু ভারতের

পাকিস্তানের বিরুদ্ধে দাপুটে জয় দিয়েই সাফ চ্যাম্পিয়নশিপের অভিযান শুরু করল ভারতের অনূর্ধ্ব-২৩ দল। ফুটবলের ময়দানেও প্রতিবেশী দেশের বিরুদ্ধে আধিপত্য বজায় রাখল ভারত। বৃহস্পতিবার ঢাকায় পাকিস্তানকে ৩-২ গোলে হারাল নৌশাদ মুসার দল। প্রথমার্ধের ৩২ মিনিটের মধ্যেই তিন গোল করে ম্যাচ কার্যত নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছিল ভারত। কিন্তু শেষ দিকে পাকিস্তানের জোড়া গোল এবং ভারতের রক্ষণে কিছুটা শিথিলতা ম্যাচকে কঠিন করে তোলে। শেষ পর্যন্ত গোলরক্ষক অর্শ শেখের তৎপরতায় জয় নিশ্চিত হয় সুহেল ভাটদের।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ভারত। তৃতীয় মিনিটে মাংলেনথাং কিপগেনের শট লক্ষ্যভ্রষ্ট হয়। পাঁচ মিনিটের মাথায় প্রভুর লম্বা পাস থেকে গোলের সুযোগ তৈরি হলেও অফসাইডের ফাঁদে পড়েন সুহেল ভাট। ১১ মিনিটে উভাইসের লম্বা থ্রো থেকেও পাকিস্তানের রক্ষণে আতঙ্ক তৈরি হয়। তবে গোলের জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি ভারতকে।

১৩ মিনিটে প্রথম গোল করে দলকে এগিয়ে দেন সুহেল। মহম্মদ সুহেলের মাপা পাস ধরে বক্সে ঢুকে ডান পায়ের নিখুঁত শটে বল জালে জড়িয়ে দেন মোহনবাগানের স্ট্রাইকার। এর পর ১৯ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন তিনিই। অভিষেক সূর্যবংশীর দুর্দান্ত থ্রু পাস ধরে বক্সের বাঁ দিক দিয়ে ঢুকে ঠান্ডা মাথায় গোল করেন সুহেল। জোড়া গোল করে ভারতকে চালকের আসনে বসিয়ে দেন তিনি।

৩২ মিনিটে তৃতীয় গোল করে পাকিস্তানের উপর চাপ আরও বাড়িয়ে দেয় ভারত। নওফল পিএনের বাড়ানো বল ধরে বাঁ পায়ের শটে জাল কাঁপান মাংলেনথাং কিপগেন। তবে ৩৪ মিনিটে ম্যাচে ফেরার সুযোগ পেয়েছিল পাকিস্তান। অভিষেক সূর্যবংশীর ফাউলে পেনাল্টি পায় তারা। কিন্তু স্পটকিক থেকে গোল করতে পারেননি শায়াক দস্ত। তাঁর শট উড়ে যায় ক্রসবারের উপর দিয়ে। পরের মিনিটেই কিপগেনের পাস থেকে গোলের সুযোগ পেয়েছিলেন সুহেল। কিন্তু তাঁর শটও ক্রসবারের উপর দিয়ে চলে যায়।

দ্বিতীয়ার্ধেও ব্যবধান বাড়ানোর চেষ্টা চালায় ভারত। ৫৩ মিনিটে পাকিস্তানের গোলরক্ষক ইউসুফ বাটকে এগিয়ে আসতে দেখে দূর থেকে চিপ করেছিলেন কিপগেন। কিন্তু অল্পের জন্য বল লক্ষ্যভ্রষ্ট হয়। ৬০ মিনিটে আদিসন সিংয়ের শট আটকে দেন পাকিস্তানের গোলরক্ষক। দু’মিনিট পর শায়াক দস্তের হেড সহজেই সামাল দেন ভারতের গোলরক্ষক অর্শ শেখ।

এর পর কিপগেন ও অভিষেকদের একাধিক প্রচেষ্টা থাকলেও ব্যবধান বাড়েনি। ৮২ মিনিটে খাইমিনথাং লুংদিমের দূরপাল্লার শটও লক্ষ্যভ্রষ্ট হয়। এদিকে শেষ দিকে পরপর দু’গোল করে লড়াইয়ে ফেরার চেষ্টা করে পাকিস্তান। আচমকাই চাপে পড়ে যায় ভারতীয় শিবির। শেষ মুহূর্তে অর্শ শেখের গুরুত্বপূর্ণ সেভই শেষ পর্যন্ত ভারতের জয় নিশ্চিত করে। তিন গোলের ব্যবধানে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ব্যবধান কমিয়ে জয়ের আনন্দ কিছুটা ফিকে করল পাকিস্তান। তবে টুর্নামেন্টের প্রথম ম্যাচে জয় পাওয়ায় স্বস্তিতে ভারতীয় শিবির।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 + 20 =