ঘরের মাঠে এমন বিপর্যয়ের জন্য প্রস্তুত ছিল না বাংলা। টানা তিন ম্যাচ জিতে রঞ্জি মরশুম শুরু করেছিল লক্ষ্মীরতন শুক্লার দল। কিন্তু ইডেনে প্রথম ম্যাচেই ছন্দপতন। ব্যাটিংয়ের এমন বেহাল দশা যে দুই ইনিংস মিলিয়েও প্রতিপক্ষের সামনে বড় চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারল না অভিমন্যু ঈশ্বরণরা। মহারাষ্ট্রের কাছে ১০ উইকেটে হেরে মরসুমে প্রথম পরাজয় বাংলার। আর এই জয়ের সুবাদে পয়েন্ট তালিকায় বাংলাকে টপকে শীর্ষে উঠে গেল পৃথ্বী শ-র দল।
প্রথম ইনিংসে বাংলার ব্যাটিং শেষ হয়েছিল মাত্র ১৪৩ রানে। একমাত্র অভিষেক পোড়েলই লড়াই করেছিলেন। তাঁর ব্যাট থেকে এসেছিল ৫৪ রান। অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণ, সুদীপ ঘরামি, সুদীপ চট্টোপাধ্যায়রা কেউই বড় রান করতে পারেননি। দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়ানোর সুযোগ ছিল। কিন্তু সেখানেও একই ছবি। শাহবাজ আহমেদ শূন্য রানে ফিরতেই চাপে পড়ে যায় বাংলা। একটা সময় মনে হচ্ছিল, লড়াই করার মতো রানও হয়তো উঠবে না।
সেই পরিস্থিতিতে প্রতিরোধ গড়েন অভিষেক ও সুমন্ত গুপ্ত। সপ্তম উইকেটে তাঁদের ৬৪ রানের জুটি বাংলাকে কিছুটা আশা দেখিয়েছিল। অভিষেক ৬৫ রান করে ফিরে যান। সুমন্তও হাল ছাড়েননি। নীচের সারির ব্যাটারদের নিয়ে যতটা সম্ভব রান বাড়ানোর চেষ্টা করেন। শেষ পর্যন্ত ৫৯ রানে তাঁর ইনিংস থামে। বাংলা অল আউট হয়ে যায় ১৮৬ রানে। ফলে মহারাষ্ট্রের সামনে জয়ের লক্ষ্য মাত্র ১১২।
এত কম রান তাড়া করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করে বাংলার বোলারদের চাপে ফেলে দেন দুই ওপেনার। পৃথ্বী ৫০ বলে ৫৩ রানে অপরাজিত থাকেন। ৩টি চার ও ৪টি ছক্কা মারেন তিনি। অন্য দিকে সচিনের ব্যাট থেকে আসে অপরাজিত ৬১ রান। ৬৮ বলের ইনিংসে তিনি মারেন ১০টি চার। ২০ ওভারও লাগেনি মহারাষ্ট্রের জয় নিশ্চিত করতে। চা বিরতির আগেই শেষ হয়ে যায় ম্যাচ।
অথচ এই ম্যাচে এক সময় এগিয়ে যাওয়ার সুযোগ ছিল বাংলার। মহম্মদ শামির দাপটে মহারাষ্ট্রের প্রথম ইনিংসে ৬৪ রানের মধ্যে ৬ উইকেট পড়ে গিয়েছিল। কিন্তু সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে শেষ চার উইকেটে ১৫৪ রান যোগ করে মহারাষ্ট্র। আট নম্বরে নেমে তনয় সাঙ্গভি অপরাজিত ৬০ রান করেন। শামি চার উইকেট পেলেও সেই লড়াইয়ের সুফল তুলতে পারেনি বাংলা। দ্বিতীয় ইনিংসেও বল হাতে তাঁকে হতাশ হতে হয়েছে।
এই হারের ফলে চার ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে এলিট গ্রুপ সি-তে দ্বিতীয় স্থানে নেমে গেল বাংলা। অন্য দিকে বোনাস পয়েন্ট-সহ মহারাষ্ট্রের সংগ্রহ চার ম্যাচে ১৯ পয়েন্ট। শীর্ষস্থান এখন তাদের দখলে। পরের ম্যাচে শক্তিশালী গুজরাতের মুখোমুখি হতে হবে বাংলাকে। তার আগে ব্যাটিং বিপর্যয় কাটিয়ে ফের জয়ের ছন্দে ফিরতে হবে লক্ষ্মীরতনের দলকে।

