আসানসোল : স্কুলের গ্রীষ্মকালীন সাঁতার প্রশিক্ষণ চলাকালীন বৃহস্পতিবার সুইমিং পুলে ডুবে মৃত্যু হল এক ছাত্রের। আসানসোলে এই ঘটনায় ক্ষোভ তৈরি হয়েছে অভিভাবকদের মধ্যে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ষষ্ঠ শ্রেণির ওই ছাত্রের নাম আদ্বিক। আসানসোল দক্ষিণ থানার লোয়ার চেলিডাঙার বাসিন্দা ওই ছাত্র শহরের একটি বেসরকারি স্কুলে পড়ত। বৃহস্পতিবার স্কুলের গ্রীষ্মকালীন সুইমিং ক্যাম্পে সাঁতার প্রশিক্ষণের সময়ে অন্য ছাত্রদের সঙ্গে সুইমিং পুলে সাঁতার কাটার সময়ে হঠাৎ জলে ডুবে যায় আদ্বিক।
শিক্ষক ও স্কুলের কর্মীরা তাকে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। এই ঘটনায় ওই সুইমিং পুলের পরিকাঠামো নিয়ে প্রশ্ন উঠেছে। স্কুল কর্তৃপক্ষর তরফে জানা গেছে, তাঁরা মৃতের পরিবারের পাশে রয়েছেন। পুলিশ জানায়, গোটা ঘটনার তদন্ত হচ্ছে।

