বুধবার দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির সতর্কতা, উত্তরে ভারী বৃষ্টির পূর্বাভাস

কলকাতা : দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় বুধবার ঝড়বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। ভারী বৃষ্টিও হতে পারে কিছু জেলায়। উত্তরবঙ্গের জেলাগুলিতে কোথাও কোথাও দুর্যোগের লাল সতর্কতাও জারি হয়েছে।

বুধবার কলকাতায় বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। এদিন দুই বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবারও ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, বাঁকুড়া, দুই বর্ধমান এবং বীরভূমে। শুক্রবার থেকে ঝড়বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে দক্ষিণের জেলাগুলিতে। তবে ওই দিনও উপকূলবর্তী দুই জেলা-সহ পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়ায় ভারী বৃষ্টি হতে পারে।

বুধবার দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এই জেলাগুলির কিছু কিছু জায়গায় অত্যন্ত ভারী বৃষ্টির সতর্কতাও জারি করা হয়েছে। এর পাশাপাশি, মালদা এবং দুই দিনাজপুরের কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ঘণ্টায় ৩০–৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইবে বলেও পূর্বাভাস দেওয়া হয়েছে। বৃহস্পতিবার জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার পর থেকে দুর্যোগ কিছুটা কমতে পারে উত্তরের জেলাগুলিতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 + seventeen =