ফের সাফল্য এসটিএফ-এর, এবার পাক গুপ্তচর সন্দেহে ধৃত ৩

কোচবিহার : কোচবিহারের সাহেবগঞ্জ ও তুফানগঞ্জ থেকে পাক গুপ্তচর সন্দেহে দু’জনকে গ্রেফতার করল এসটিএফ। তারা আইএসআই এজেন্ট হিসাবে কাজ করত বলে অভিযোগ।

ধৃতদের মধ্যে রশিদ উল হক এবং নুর নাসিরুদ্দিন আলিকে শুক্রবার কোচবিহারের সাহেবগঞ্জ ও তুফানগঞ্জ থেকে গ্রেফতার করা হয়েছে। তাদের জেরা করে উত্তর দিনাজপুরের পাঞ্জিপাড়া থেকে সফিকুল ইসলাম নামে আরও এক জনকে গ্রেফতার করা হয়।

বেআইনি ভাবে ভারতীয় সংস্থার মোবাইল সিম কার্ড তুলে তা পাকিস্তানে বসে থাকা আইএসআই গুপ্তচরদের কাছে চালান করে দেওয়ার অভিযোগে এই ৩ জনের বিরুদ্ধে। পুলিশ সূত্রের খবর, ধৃতেরা আন্তর্জাতিক চোরা চালান চক্রের সঙ্গে জড়িত।

অভিযোগ, তারা এ দেশের মোবাইল সিম কিনে পাকিস্তানি এজেন্টের কাছে বিক্রি করে দিত বা চালান করে দিত। পাকিস্তানে ভারতীয় সিম ব্যবহার হচ্ছে জানতে পেরেই তদন্তে নামে পুলিশ। এই চক্রে আরও কয়েক জন যুক্ত রয়েছে বলে সন্দেহ পুলিশের।

শনিবার তাদের দিনহাটা আদালতে হাজির করা হলে বিচারক সবাইকে ১৪ দিনের পুলিশি হেফাজতে পাঠানোর নির্দেশ দেন। সীমান্ত-সংলগ্ন দিনহাটা এলাকায় সন্দেহভাজন তিন গুপ্তচরের গ্রেফতারির ঘটনায় উদ্বেগ ছড়িয়ে পড়েছে। সূত্রের খবর অনুযায়ী, ধৃতদের মধ্যে একজনের বাড়ি উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর এলাকায়, অন্যজনের বাড়ি বলরামপুরে এবং তৃতীয়জনের বাড়ি সাহেবগঞ্জ থানার অন্তর্গত থোরাইখানা এলাকায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

7 + seventeen =