অন্নপূর্ণা যোজনার টাকা না পেলে জানানো যাবে অভিযোগ, হেল্পলাইন চালু করল রাজ্য সরকার

কলকাতা : পশ্চিমবঙ্গে অন্নপূর্ণা যোজনার উপভোক্তাদের জন্য অভিযোগ জানানোর বিশেষ ব্যবস্থা চালু করল রাজ্য সরকার। এখন থেকে যোজনার প্রাপ্য টাকা না পাওয়া বা অন্য কোনো সমস্যার ক্ষেত্রে উপভোক্তারা সরাসরি সরকারের হেল্পলাইনে ফোন করে নিজেদের অভিযোগ জানাতে পারবেন।

রাজ্য সরকার সূত্রে খবর, অন্নপূর্ণা যোজনার সেপ্টেম্বর মাসের কিস্তি বাবদ যোগ্য উপভোক্তাদের অ্যাকাউন্টে তিন হাজার টাকা করে পাঠানো হবে। ১৫ সেপ্টেম্বরের মধ্যেই এই অর্থ পাঠানোর প্রক্রিয়া সম্পন্ন করার লক্ষ্যমাত্রা আগেই ধার্য করা হয়েছিল। তবে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নবান্ন সভাঘর থেকে আগামী ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে রাজ্যজুড়ে ‘অন্নপূর্ণা দিবস’ পালনের কথা ঘোষণা করেছেন।

এই ঘোষণার পর থেকেই উপভোক্তাদের মনে প্রশ্ন জাগছে যে, সেপ্টেম্বরের কিস্তির টাকা কি ১৫ সেপ্টেম্বরের পরিবর্তে ১৭ সেপ্টেম্বর ‘অন্নপূর্ণা দিবস’ উপলক্ষে দেওয়া হবে নাকি আগের নির্দেশিকাই বহাল থাকবে। এই বিষয়ে অবশ্য সরকারের পক্ষ থেকে এখনো কোনো স্পষ্ট বার্তা দেওয়া হয়নি।

রাজ্য সরকার জানিয়েছে, বর্তমানে প্রায় ১ কোটি ৪৫ লক্ষ মহিলা এই অন্নপূর্ণা যোজনার সুবিধা পাচ্ছেন। পাশাপাশি কলকাতায় যোজনার প্রায় এক লক্ষ উপভোক্তাকে নিয়ে একটি বিশেষ শোভাযাত্রা আয়োজনের পরিকল্পনাও রয়েছে বলে জানা গেছে।

অন্নপূর্ণা যোজনা সংক্রান্ত যেকোনো অভিযোগের জন্য সরকার ৮২৮২০৮২৮২০ হেল্পলাইন নম্বরটি প্রকাশ করেছে। উপভোক্তারা সোমবার থেকে শনিবারের মধ্যে সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই নম্বরে ফোন করে তাঁদের অভিযোগ জানাতে পারবেন।

এছাড়া ই-মেইলের মাধ্যমেও অভিযোগ পাঠানো সম্ভব। সে ক্ষেত্রে উপভোক্তারা asap@wb.gov.in ঠিকানায় নিজেদের সমস্যার কথা লিখে মেইল করতে পারেন।

এখন সবার নজর ১৭ সেপ্টেম্বর প্রস্তাবিত ‘অন্নপূর্ণা দিবস’-এর দিকে; ওই দিন রাজ্য সরকার উপভোক্তাদের জন্য নতুন কোনো ঘোষণা করে কি না কিংবা সেপ্টেম্বরের কিস্তি মেটানোর বিষয়ে পরিস্থিতি স্পষ্ট করে কি না, সেটাই দেখার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five + 9 =