স্মৃতি-রিচার ঝড়ে বড় জয়, শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়ান গেমসে ফের সোনা ভারতের

এশিয়ান গেমসে মহিলা ক্রিকেটে ফের সোনার পদক জিতল ভারত। ফাইনালে শ্রীলঙ্কাকে ১৪৭ রানের বিশাল ব্যবধানে হারিয়ে টানা দ্বিতীয় বার সোনা জিতে নিল হরমনপ্রীতের দল। ২০২৬ এশিয়ান গেমসে এটিই ভারতের প্রথম সোনার পদক।
নিশিনের কোরোগি স্পোর্টস পার্কে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন হরমনপ্রীত কৌর। শুরু থেকেই শ্রীলঙ্কার বোলারদের উপর চড়াও হয় ভারতের ব্যাটিং। স্মৃতি মন্ধানা মাত্র ৩০ বলে অর্ধশতরান পূর্ণ করেন। শেষ পর্যন্ত ৪৫ বলে ৭৯ রানের দুরন্ত ইনিংস খেলেন তিনি। শেফালি বর্মাও দ্রুত রান তুলতে থাকেন। দলীয় রান ৯৯-এ পৌঁছলে প্রথম উইকেট হারায় ভারত।
এর পর অধিনায়ক হরমনপ্রীত ১৭ বলে ১৯ রান করেন। শেষ দিকে ঝড় তোলেন রিচা ঘোষ। মাত্র ২২ বলে ৪৯ রানে অপরাজিত থাকেন তিনি। তাঁর ইনিংসে ছিল ৪টি চার ও ৩টি ছয়। ফলে ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২১৬ রান তোলে ভারত। এশিয়ান গেমসে মহিলা ক্রিকেটে এটাই সর্বোচ্চ দলীয় রান।
বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই বিপাকে পড়ে শ্রীলঙ্কা। চামারি আতাপাত্তু ২১ বলে ২৯ রান করে কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। কিন্তু ভারতীয় বোলারদের সামনে দীর্ঘক্ষণ টিকতে পারেনি শ্রীলঙ্কার ব্যাটিং। ১৫.৪ ওভারে মাত্র ৬৯ রানে অলআউট হয়ে যায় তারা।
ভারতের হয়ে বল হাতে দুর্দান্ত দীপ্তি শর্মা। ৪ ওভারে মাত্র ৬ রান দিয়ে ৩ উইকেট নেন তিনি। শেফালি বর্মা ও শ্রেয়াঙ্কা পাটিলও গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন। শেষ পর্যন্ত ১৪৭ রানের জয় নিশ্চিত করে ভারত।
এই জয়ের ফলে মহিলা টি-টোয়েন্টি ক্রিকেটে ভারতের সবচেয়ে বড় ব্যবধানে জয়ের রেকর্ডও তৈরি হল। এর আগে ২০১৮ সালে মালয়েশিয়ার বিরুদ্ধে ১৪২ রানের জয় ছিল ভারতের সর্বোচ্চ ব্যবধানের জয়। সেই রেকর্ড ছাপিয়ে এ দিন নতুন নজির গড়ল ভারত। এশিয়ান গেমসের মঞ্চে ফের সোনার পদক জিতে নিজেদের দাপট ধরে রাখল হরমনপ্রীতের দল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × 4 =