সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ভারতের পাশে থাকার বার্তা সার্জিও গোরের

নয়াদিল্লি : ২০০৮ সালের ২৬/১১ মুম্বইয়ে জঙ্গি হামলার বর্ষপূর্তিতে ৬ জন মার্কিন নাগরিক-সহ প্রাণ হারানো ১৬৬ জন নিরীহ মানুষের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করলেন ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর। বৃহস্পতিবার সকালে এক বার্তায় তিনি সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে আমেরিকা সবসময় ভারতের পাশে রয়েছে বলে পুনর্ব্যক্ত করেন এবং সন্ত্রাসবাদীদের বিচারের আওতায় আনতে দুই দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পারস্পরিক সহযোগিতাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে অভিহিত করেন।

মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর এক্স মাধ্যমে তাঁর বার্তায় উল্লেখ করেন, “২৬/১১ মুম্বই জঙ্গি হামলার বর্ষপূর্তিতে আমরা ৬ জন আমেরিকান-সহ প্রাণ হারানো ১৬৬ জন নিরীহ মানুষকে স্মরণ করছি। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের পাশে রয়েছে এবং সন্ত্রাসবাদীদের বিচারের আওতায় আনতে আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলির পারস্পরিক অংশীদারিত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

উল্লেখ্য, ২০০৮ সালের ২৬ নভেম্বর মুম্বইয়ে ভয়াবহ জঙ্গি হামলায় দেশি-বিদেশি ১৬৬ জন নিরীহ মানুষ ও নিরাপত্তা বাহিনীর জওয়ান প্রাণ হারিয়েছিলেন, যাঁদের মধ্যে ছয়জন মার্কিন নাগরিকও ছিলেন। বৃহস্পতিবার সেই মর্মান্তিক ঘটনার বর্ষপূর্তিতে ভারত ও আমেরিকা উভয় দেশের তরফেই সন্ত্রাসবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের বার্তা দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *