কলকাতা : রবীন্দ্র সরোবরের এক সুইমিং পুলে সাঁতার শিখতে গিয়েছিল স্কুলছাত্র। রহস্যজনক ভাবে মৃত্যু হয় তার।
রাতেই ক্লাবের প্রশিক্ষক, সদস্যদের ডেকে জিজ্ঞাসাবাদ করে রবীন্দ্র সরোবর থানার পুলিশ। শনিবারও চলে তদন্ত ও জেরা।
পুলিশ জানিয়েছে, মৃতের নাম সরিপ ঘোষ (১৬)। ডন বসকো স্কুলের একাদশ শ্রেণির ছাত্র। সরিপের বাড়ি ঢাকুরিয়ায়।
পুলিশের দাবি, মৃতের পরিবারের তরফে শুক্রবার রাত পর্যন্ত কোনও অভিযোগ দায়ের করা হয়নি। আপাতত একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে।
পুলিশ সূত্রে খবর, ঘটনার সময় প্রশিক্ষক থাকা সত্ত্বেও ওই ছাত্র কী ভাবে তলিয়ে গেল, সে বিষয়ে তদন্ত শুরু হয়েছে। ক্লাবের তরফে জানানো হয়েছে, প্রায় তিন বছর ধরে ওই ক্লাবের সদস্য ছিল সরিপ এবং সে সাঁতার জানত। শুক্রবার পুলে নেমে ডুবসাঁতার কাটছিল কি না, সেটাও খতিয়ে দেখছে পুলিশ। ওই ক্লাবের তরফে জানানো হয়েছে, সেখানে ডুবসাঁতার শেখানো হয় না।

