বাংলা সিনেমায় ইতিহাস হয়ে থেকে যাবে ‘সাধক বামাক্ষ্যাপা’

শাশ্বত চট্টোপাধ্যায়ের
কিছু সিনেমা যেন কথা বলে। প্রতিটি লহমায় বুঝিয়ে দেয় যে সেই চলচ্চিত্র অচিরেই মাস্টারপিস হয়ে ওঠার যোগ্য। ভক্তি, ইতিহাস তথা লাল মাটির দেশ অর্থাৎ বীরভূমের প্রধান ঐতিহ্যবাহী পিঠ তারাপীঠের প্রথম ক্ষ্যাপা তথা একনিষ্ঠ পূজারী যুগাবতার বামদেবের জীবনী নিয়ে যে এত সুন্দর একটি সিনেমা গড়ে উঠতে পারে তার প্রমাণ পাওয়া গিয়েছে, সম্প্রতি প্রেক্ষাগৃহে মুক্তিপ্রাপ্ত পরিচালক সায়ন্তন ঘোষালের ছবি ‘সাধক বামাক্ষ্যাপা’ এর মাধ্যমে।
ছবিতে বামাক্ষ্যাপার শৈশব কাল থেকে বৃদ্ধ বয়স্ পর্যন্ত সময়কালটি খুব নিখুঁতভাবে যত্নসহকারে পর্দায় তুলে ধরা হয়েছে।বামাক্ষ্যাপার চরিত্রে অভিনয় করেছেন সব্যসাচী চৌধুরী। এই সিনেমায় তিনি মুখ্য চরিত্র। শুধু মুখ্য চরিত্র বলে নয় তিনি তার অভিনয় দক্ষতায় এই সিনেমায় মুখ্য চরিত্রের জায়গা নিজে দখল করে নিয়েছেন এটা বলাই বাহুল্য। তার কথা এখানে না বললেই নয়। বামাক্ষ্যাপার চরিত্রে তার অভিনয় এত সুচারু এবং বাস্তবচিত্ যা দর্শকদের চোখে জল আনবে। এর আগেও বামাক্ষ্যাপা সিরিয়ালে তিনি বামাক্ষ্যাপার চরিত্র অভিনয় করে নজর কেড়েছিলেন তবে এইবার যেন তার অভিনয় সবকিছুকে অতিক্রম করেগিয়েছে। তিনি তার নিপুন অভিনয় গুনে প্রমাণ করে দিয়েছেন যে যতবারই বাংলায় বামাক্ষ্যাপা নিয়ে চলচ্চিত্র তৈরি হবে তাকে ছাড়া আর অন্য কাউকে বামাক্ষ্যাপা কল্পনা করাই যাবে না। এই সিনেমাটির ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবে চিত্রনাট্য ও সংলাপ তিনিই লিখেছেন।সায়ন্তন ঘোষালের পরিচালনায় তার অভিনয় যেন আরও স্বতঃস্ফূর্ত হয়ে উঠেছে। মা তারার চরিত্রে পায়েল দে র অভিনয় যথেষ্ট সাবলীল। এই সিনেমাতে দেখতে পাওয়া তার উগ্রচন্ডা রূপটি দর্শকদের অবাক করেছে। তিনি নিজের চরিত্রে যথেষ্ট পরিণত অভিনয় দেখিয়েছেন।শঙ্খদীপ বন্দ্যোপাধ্যায় ছোটবেলার বামদেবের চরিত্রে নিষ্পাপ সারল্য ও আন্তরিকতা দিয়ে নজর কেড়েছেন।সাহেব চট্টোপাধ্যায় বাবা সর্বানন্দের চরিত্রে সংযত ও স্নিগ্ধ অভিনয় করেছেন। তার অভিনয় যেকোনো চরিত্রেই যেন সাবলীল। বলাই বাহুল্য তার অভিনয়শৈলী খরাজ মুখোপাধ্যায়ের ‘যে কোন ভূমিকায় সমানে লড়ে যাই আপনি যা চান আমি ঠিক তাই’ গানটির সাথে সংহতি রাখে।মোনালিসা চট্টোপাধ্যায় বামদেবের মায়ের চরিত্রে যথেষ্ট সাবলীল। তাঁর অভিনয়ে মাতৃত্বের মমতা ও আবেগ সুন্দরভাবে ফুটে উঠেছে।এই ছবি মুহুর্মুহু পরিচালক সায়ন্তন ঘোষালের অসাধারণ পরিচালনা দক্ষতা তুলে ধরেছে। লোকসংস্কৃতি তথা ভক্তির ইতিহাসের অন্যতম প্রাণপুরুষ বামাক্ষ্যাপার জীবনীকে তিনি যেভাবে তুলে ধরেছেন তার জন্য তার প্রশংসা প্রাপ্তি অবশ্যই কাম্য। গল্পের সবকটি চরিত্রায়ন, মেকআপ এবং পোশাক পরিচ্ছদ এত নিপুণভাবে তিনি সাজিয়েছেন যা প্রতি পরতে বাস্তব বলে মনে হয়।। এই সিনেমা দেখলে দর্শকদের মনে হতে বাধ্য যে যেন তারা প্রকৃতই বামদেবের আমলে পৌঁছে গিয়েছে। দর্শন করছে বামদেবের হাতে পূজা প্রাপ্ত তারাপীঠের তারা মাকে। লাল মাটির দেশের ঐতিহ্য তথা সংস্কৃতি পরিচালক এত সুন্দরভাবে দর্শকদের সামনে রূপায়িত করেছে যার ভাষায় প্রকাশ যেন খুবই দুঃসাধ্যের।ছবির আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো অপূর্ব চিত্রগ্রহণ। সৌমিক হালদারের ক্যামেরায় তারাপীঠের মন্দির, শ্মশানের পরিবেশ এবং আলো-আঁধারির দৃশ্যগুলি বিশেষ মাত্রা লাভ করেছে। ইন্দ্রদীপ দাশগুপ্তের সংগীত পরিচালনা ছবির আবেগ ও ভক্তিরস এবং অলৌকিকতাকে যেন আরও গভীর করেছে। বিশেষ করে শ্যামাসংগীতের ব্যবহার দর্শককে ছবির আধ্যাত্মিক জগতের সঙ্গে সংযুক্ত করে।এই ছবির গানগুলি শ্যামা সঙ্গীতের পুনরুপস্থাপনা। এই শ্যামা সংগীত গুলি গেয়েছেন মনোময় ভট্টাচার্য এবং অতনু মিশ্র। তাদের সুমিষ্ট কন্ঠে গানগুলি যেন নতুনভাবে প্রাণ পেয়েছে।ছবির ব্যাকগ্রাউন্ড মিউজিক অসামান্য। বিশেষ করে বামদেবের শেষ সময়কালের মিউজিক গুলো একেবারে হৃদয়স্পর্শী। ছবির কিছু ডায়লগ যেমন ‘রাখে বড়মা তো মারে কোন শালা’ অথবা ‘যতদিন চন্দ্র সূর্য উঠবে ততদিন তারাপীঠের মাটিতে বামাক্ষ্যাপার অস্তিত্ব মিশে থাকবে’প্রভৃতি হৃদয়ে গেথে থাকার মতো যা বারংবারই এই সিনেমাটির কথা মনে করিয়ে দেবে। সিনেমা হলে গিয়ে এই ছবিটি একবার দেখলে মন ভরবে না। পরিশেষে একথা নিঃসন্দেহে বলা চলে যে বাংলা সিনেমার দর্শকদের হলমুখী করার জন্য ‘সাধক বামাক্ষ্যাপা’একটি ইতিহাস তথা মাইলস্টোন হয়ে থেকে যাবে যার কৃতিত্ব পরিচালক সায়ন্তন ঘোষাল এবং সৃজনশীল পরিচালক তথা অভিনেতা সব্যসাচী চৌধুরীর অবশ্যই প্রাপ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *