বোলারদের ব্যর্থতায় ৩১৭ রান তুলেও রক্ষা হল না! ভারতকে হারিয়ে ফাইনালে শ্রীলঙ্কা

বড় রান করেও শেষরক্ষা হল না। ব্যাট হাতে তিনশোর গণ্ডি পেরিয়েও শ্রীলঙ্কার সামনে দাঁড়াতেই পারল না ভারত। বৈভব সূর্যবংশীর ব্যাটে আগের ম্যাচের সেই বিধ্বংসী ঝলক উধাও। অভিষেক শর্মা, তিলক বর্মার অর্ধশতরানও শেষ পর্যন্ত কোনও কাজে এল না। বরং বল হাতে ভারতীয় দলের অসহায় আত্মসমর্পণ। দুই ওপেনারের দুরন্ত শতরানে ভারতকে ৮ উইকেটে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে উঠে গেল শ্রীলঙ্কা এ দল। ৯.৫ ওভার বাকি থাকতেই ৩১৮ রান তুলে নিল তারা। ফলে রবিবারের ফাইনালে ভারত-পাকিস্তান লড়াই দেখার স্বপ্নও শেষ।

দোহায় বৃহস্পতিবার টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক তিলক বর্মা। শুরুটা ভালই করেছিলেন বৈভব ও অভিষেক। দু’জনের জুটিতে মাত্র ৮ ওভারেই উঠে যায় ৮০ রান। কিন্তু ২৭ বলে ৪০ রান করে ফিরে যান বৈভব। চারটি চার ও তিনটি ছয় মারলেও আগের ম্যাচের মতো বিধ্বংসী ছিলেন না তিনি। শ্রীলঙ্কার বোলারদের পরিকল্পিত বোলিংয়ে বারবার আটকে যেতে হয়েছে তাঁকে।

অন্য দিকে, অভিষেক শর্মা নিজের স্বাভাবিক ছন্দে শুরু করলেও বড় ইনিংস খেলতে পারলেন না। ৬৩ বলে ৭৮ রান করে ফিরতে হয় তাঁকে। তাঁর ব্যাট থেকে এসেছে ১১টি চার ও একটি ছয়। দ্বিতীয় উইকেটে তিলকের সঙ্গে ৭৯ রান যোগ করেন অভিষেক। তবে তিলকও রান তোলার গতি বাড়াতে পারেননি। ৬৬ বলে ৫৩ রান করে আউট হন তিনি। এরপর একের পর এক উইকেট পড়তে থাকে। রিঙ্কু সিং ১২ এবং সূর্যাংশ শেডগে ১০ রান করে ফেরেন। শেষ দিকে বাংলার শাহবাজ আহমেদের ৪৮ বলে অপরাজিত ৫৪ এবং তনুশ কোটিয়ানের ২৮ রানের সৌজন্যে ৩১৭ রানে পৌঁছয় ভারত। ৫০ ওভারে ৮ উইকেট হারায় তারা।

কিন্তু এই রানও যে নিরাপদ নয়, তা বুঝিয়ে দেন শ্রীলঙ্কার দুই ওপেনার। লাসিথ ক্রুসপুল্লে ও সিনেত জয়বর্ধনে শুরু থেকেই ভারতীয় বোলারদের উপর ঝাঁপিয়ে পড়েন। তাঁদের ওপেনিং জুটিতে মাত্র ২১.৩ ওভারেই উঠে যায় ১৭৪ রান। ৭০ বলে ১০৫ রান করে জয়বর্ধনে ফিরলেও ততক্ষণে ম্যাচের নিয়ন্ত্রণ শ্রীলঙ্কার হাতে। ক্রুসপুল্লে আরও বিধ্বংসী। ১০৭ বলে ১১৬ রান করেন তিনি। মারেন ১২টি চার ও তিনটি ছয়। পরে নিশান মাদুশকা ৫৮ এবং পবন রত্নায়েকে ৩১ রানে অপরাজিত থেকে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন।

ভারতের কোনও বোলারই কার্যত লড়াইয়ে ফিরতে পারেননি। ৪০.১ ওভারে ২ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে শ্রীলঙ্কা। ব্যাটিংয়ে তিনশো পেরিয়েও বোলিংয়ের ব্যর্থতায় সেমিফাইনাল থেকে বিদায় নিতে হল ভারতকে। এশিয়া কাপ জয়ের স্বপ্ন অধরাই থেকে গেল বৈভবদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *